ঢাকা মেডিকেলের ৩ হাজার ইনজেকশন উদ্ধার, গ্রেপ্তার ৩
রাজধানীর চানখাঁরপুলে গতকাল বুধবার দুপুরে একটি ওষুধের দোকান থেকে প্রায় ৩ হাজার ইনজেকশন উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া এসব ইনজেকশন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের বিনা মূল্যে বিতরণের জন্য বরাদ্দ ছিল।
এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন সরদার জনি ফার্মেসির মালিকের ভাই জহিরুল হক এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠান জেসন ফার্মাসিউটিক্যালসের বিক্রয় প্রতিনিধি আলিমুর রহমান ও হাসানুল বারী।
ওষুধ চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধভান্ডারের (ইনজেকশন) দায়িত্বে থাকা ফার্মাসিস্ট বিমল চন্দ্র বিশ্বাসকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অভিযান পরিচালনার সঙ্গে যুক্ত শাহবাগ থানার এসআই সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁদের কাছে তথ্য ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়া ব্যথানাশক ইনজেকশন চানখাঁরপুলের সরদার জনি ফার্মেসিতে বিক্রি হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে গতকাল বেলা আড়াইটার দিকে শাহবাগ থানার পুলিশ চানখাঁরপুলের ওই ফার্মেসিতে অভিযান চালিয়ে ২ হাজার ৯৮৫টি ব্যথানাশক ইমোডল-৩০ ইনজেকশন উদ্ধার করে। ইনজেকশনের গায়ে সিল মারা ছিল ‘নট ফর সেল, প্রপার্টি অব ডিএমসিএইচ’। সরকারি হাসপাতালের ওষুধ বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দোকানের কর্মচারী জহিরুল, একটি ওষুধ কোম্পানির দুই কর্মী আলিমুর রহমান ও হাসানুল বারীকে আটক করা হয়। রাতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওষুধের দোকানটি সিলগালা করে দেন। শাহবাগ থানার পুলিশ জানায়, রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক এ এস এম শহীদুল্লাহ ওই হাসপাতালের ইনজেকশন শাখার দায়িত্বে থাকা ফার্মাসিস্ট বিমল চন্দ্র বিশ্বাস, সরদার জনি ফার্মেসির কর্মচারী জহিরুল এবং একটি ওষুধ কোম্পানির দুই কর্মী আলিমুর ও হাসানুল বারীকে আসামি করে মামলা করেন।
আটক তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এজাহারে বলা হয়, জেসন ফার্মাসিউটিক্যাল থেকে ৭৫ হাজার ২৫০টি ব্যথানাশক ইমোডল-৩০ ইনজেকশন সরবরাহ করার কথা ছিল। কিন্তু গণনা করে দেখা যায়, সেখানে ৩ হাজার ইনজেকশন কম আছে। ফার্মাসিস্ট বিমল চন্দ্র বিশ্বাস বিষয়টি কর্তৃপক্ষকে জানাননি। আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি ওষুধ চুরি করেছেন। ওষুধগুলোর আনুমানিক মূল্য ১২ হাজার ৮৭০ টাকা।
জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মো. মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ফার্মাসিস্ট বিমল ওষুধ চুরি ও বিক্রির সঙ্গে জড়িত বলে তাঁদের কাছে তথ্য ছিল। বিষয়টি পুলিশকে জানানো হয়। তিনি বলেন, বিমলকে তাৎক্ষণিক সাময়িক বরখাস্ত করা হয়। তাঁর বিরুদ্ধে হওয়া তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।