ঢাকা সংবাদপত্র হকার্স সমিতির নেতা লাঞ্ছিত
ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পরিচালক মো. ইউছুফ হোসেনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরের রায়পুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল আমিনের বিরুদ্ধে। ইউছুফ হোসেন গতকাল মঙ্গলবার রায়পুরের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলন করে ওই পুলিশ কর্মকর্তার শাস্তি দাবি করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আদালতের নির্দেশে উপজেলার মধ্য কেরোয়া গ্রামের জাকির হোসেনের পরিবারকে উচ্ছেদের সময় প্রতিপক্ষ মাসুদ পারভেজ ও তাঁর ভাড়াটে ৪০-৫০ লোক পুলিশের উপস্থিতিতে তাণ্ডব চালান। এ সময় জাকিরের পরিবারের নারী ও শিশুসহ পাঁচজনকে পিটিয়ে আহত করা হয়। আহত আছিয়া খাতুন, আজমির হোসেন (১০ মাস), আরজু বেগম, রোকেয়া ও ফাতেমা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে ইউছুফ সেখানে গেলে এএসআই নুরুল আমিন তাঁকে লাঞ্ছিত করেন।
তবে মাসুদ পারভেজ বলেন, ভাড়াটে লোক নিয়ে মালামাল লুট করার অভিযোগ সঠিক নয়।
রায়পুর থানার এএসআই নুরুল আমিন বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা সেখানে অবস্থান নিই। এ সময় ইউছুফের সঙ্গে ভুল-বোঝাবুঝি হয়।’