ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্র সাময়িক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্মান শ্রেণির প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতির সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এই শিক্ষার্থীরা হলেন তথ্য প্রযুক্তি বিভাগের মো. ফরহাদ উদ্দিন, পদার্থ বিজ্ঞান বিভাগের এস এম ইমরুল কায়েস ও প্রাচ্যকলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র দ্বীন মোহাম্মদ।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয় এ ধরনের কাজ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ন করে। বিধায় প্রক্টরিয়াল বিধি ৫(২) ধারা অনুযায়ী এই ছাত্রদের সাময়িক বহিষ্কার করা হলো।

ফরহাদ ও ইমরুল কায়েস দুজনেই অমর একুশে হলের প্রথম বর্ষের শিক্ষার্থী। যদিও ফরহাদের শিক্ষাবর্ষ ২০১১-২০১২ ও ইমরুলের ২০১০-২০১১।

অমর একুশে হলের প্রাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, খুব সম্ভবত ইমরুলের ছাত্রত্ব নেই। তারপরও সে কেন এখনো প্রথম বর্ষে তা খতিয়ে দেখতে আমরা তাঁর কাগজপত্র নিয়ে বসেছি। আবাসিক শিক্ষক ইসতিয়াক এম সৈয়দকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত সন্দেহে ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। ডিবি বলছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, প্রশ্নপত্রের বিনিময়ে তাঁরা প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে তিন থেকে পাঁচ লাখ টাকা নিতেন। শিক্ষার্থীদের মূল সনদ নিজেদের জিম্মায় রাখতেন। টাকা পাওয়ার পর সনদ ফিরিয়ে দেওয়া হতো। হোয়াটস অ্যাপে প্রশ্নপত্রের লিংক পাঠিয়ে দেওয়া হতো।