ঢাকাগামী যাত্রীবাহী বাস থেকে ৩৩ হাজার ইয়ারা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াবা। ফাইল ছবি
ইয়াবা। ফাইল ছবি


শ্যামলী পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) যাত্রীবাহী বিলাসবহুল বাসটি গতাকল মঙ্গলবার রাতে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। কর্ণফুলী থানার চরফরিদ পেট্রলপাম্পের সামনে বাস তল্লাশিতে আসে র‍্যাব-৭-এর একটি দল। পুরো বাসে তল্লাশি করে কিছু মেলেনি। তবে বাসচালকের আসনের পেছনে মেলে কয়েকটি প্যাকেট। তা থেকে উদ্ধার করা হয় ৩৩ হাজার ৫৫০টি ইয়াবা বড়ি।

গতকাল দিবাগত রাত ১২টার দিকে এসব ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসচালক শুক্কুর ও তাঁর সহকারী ফারুককে আটক করেছে র‍্যাব। বাসযাত্রীদের শ্যামলীর অন্য একটি বাসে পাঠানো হয় ঢাকায়। ইয়াবা বড়িসহ বাস, এর চালক ও সহকারীকে কর্ণফুলী থানায় নেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

র‍্যাব-৭-এর জ্যেষ্ঠ এএসপি মিনতানুর রহমান প্রথম আলোকে বলেন, ইয়াবার চালানটি কোথায় পাঠানো হচ্ছিল, সে বিষয়ে শুক্কুর ও ফারুক সুস্পষ্ট তথ্য দেননি। বাসসহ তাঁদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।