ঢাকাগামী সুবর্ণের দুই ঘণ্টা দেরিতে যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ শিশু-কিশোরের কাণ্ডে আজ শনিবার ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ১ ঘণ্টা ৫৫ মিনিট দেরিতে চট্টগ্রাম স্টেশন ছেড়ে গেছে। এতে যাত্রীরা ভোগান্তির শিকার হন। এ ঘটনায় ওই পাঁচ শিশু ও কিশোরকে রেলওয়ে পুলিশ আটক করেছে। 

আটক হওয়া পাঁচ শিশু-কিশোরের বয়স ১০ থেকে ১৫ বছর। আজ সকালে ট্রেনের ছাদে অভিযান চালিয়ে রেলওয়ে থানা-পুলিশ তাদের আটক করে। রাত আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা পুলিশ হেফাজতে ছিল।
রেলওয়ে সূত্র জানায়, আজ সকাল সাতটায় ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশন থেকে যাত্রা করে। সকালে স্টেশন থেকে প্রায় ১০০ মিটার অতিক্রম করার পর ট্রেনটি কদমতলী ক্রসিংয়ে থেমে যায়। কারণ, ট্রেনটির ৬২১৪ নম্বরের নন-এসি বগির ভ্যাকুয়াম সিস্টেমের পাইপ ফেটে হাওয়া বের হয়ে যায়। এই বগির ছাদে অ্যালার্ম চেইন পুলিংয়ের (এসিপি) চাবি উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া হলে পাইপ ফেটে যায়।
আটক পাঁচ শিশু ও কিশোর এই কাণ্ড ঘটাতে পারে বলে রেলওয়ে বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী সাইফুল ইসলাম জানিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, সুবর্ণ এক্সপ্রেসের একটি বগির ছাদে অ্যালার্ম চেইন পুলিংয়ের (এসিপি) চাবি উল্টো ঘুরিয়ে দেওয়া হয়। ট্রেনের ছাদে থাকা পাঁচ শিশু-কিশোর এ কাণ্ড ঘটিয়েছে। এতে ট্রেনের বাতাস প্রবাহের পাইপ ফেটে গিয়ে বাতাস বেরিয়ে যায়। ফলে ট্রেনটি কদমতলী ক্রসিংয়ে থেমে যায়।
সাইফুল ইসলাম বলেন, পাহাড়তলী মার্শাল ইয়ার্ড থেকে আরেকটি বগি এনে স্টেশনে সংযোজন করা হয়। ১ ঘণ্টা ৫৫ মিনিট পর আবার সুবর্ণ এক্সপ্রেস ঢাকার উদ্দেশে যাত্রা করে।
রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সমর বড়ুয়া বলেন, ছেলেগুলো ঢাকা এবং আশপাশের এলাকার বস্তিতে থাকে। বিভিন্ন সময়ে ট্রেনের ছাদে চড়ে চট্টগ্রামে এসেছিল তারা। আবার ছাদে চড়ে ঢাকায় যাচ্ছিল। ছাদের ওপর তারা চাবি ঘুরিয়ে দিয়ে এ কাণ্ড ঘটায়। পাঁচজনই পুলিশ হেফাজতে আছে।