ঢাকায় অস্ত্রসহ ২১ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে অস্ত্রসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে কদমতলী থানার শীর্ষ সন্ত্রাসী জনি ওরফে মোহনচাঁন জনিও আছেন বলে জানা গেছে।
গতকাল শুক্রবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে পূর্ব জুরাইনের হাজি খোরশেদ আলী রোড থেকে জনিকে গ্রেপ্তার করে কদমতলী থানা-পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি ওয়ান শটগান উদ্ধার করা হয়। জনির বিরুদ্ধে জুরাইন এলাকায় চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলা আছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গেন্ডারিয়ার দয়াগঞ্জ থেকে একটি চাপাতি, ২০ পিস ইয়াবা ও ১৭ পুরিয়া হেরোইনসহ নাদিম নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
একই দিন গভীর রাতে ডাকাতির প্রস্তুতির সময় যাত্রাবাড়ীর ধলপুর সুতি খালপাড় বালুর মাঠ থেকে ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন কামাল, পলাশ, মনির, শহিদুল ইসলাম, সজল, রাব্বি, হাসান ও ইউসুফ। তাঁদের কাছ থেকে একটি চাপাতি, পাঁচটি ছোরা ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
রায়েরবাগের পুনম সিনেমা হলের সামনে একই রাতে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে ডাকাতির অভিযোগে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন জাহাঙ্গীর, আলিম, হজরত আলী, শাহাবুল, রহমান, সবুর, রাসেল ও মনির। এঁদের কাছ থেকে দুটি প্রাইভেট কার, দুটি চাপাতি ও তিনটি ছুরি উদ্ধার করা হয়।
বাসাবো টেম্পোস্ট্যান্ড এলাকায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলিসহ শেখ মোহাম্মদ রাজু ও সোহেল নামের দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ছাড়া ওয়ারীর ফোল্ডার স্ট্রিট থেকে বৃহস্পতিবার রাতে ১ লাখ টাকা ও চুরি করার বিভিন্ন সরঞ্জামসহ আরিফুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করা হয়।