ঢাকায় ১২ গাড়িতে আগুন-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
*৬ জানুয়ারি থেকে অবরোধ, হরতাল, সহিংসতা ও ক্রসফায়ারসহ মোট মৃত্যুর সংখ্যা
*৬ জানুয়ারি থেকে অবরোধ, হরতাল, সহিংসতা ও ক্রসফায়ারসহ মোট মৃত্যুর সংখ্যা

রাজধানীতে ছয়টি গাড়িতে অগ্নিসংযোগ এবং ছয়টি গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রাজশাহীতে বর্তমান ও সাবেক মেয়র এবং জেলা পরিষদের প্রশাসকের বাসভবনসহ নোয়াখালীতে একটি বেসরকারি টেলিভিশনের কার্যালয়েও হামলা চালানো হয়েছে।
গাজীপুরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিলে আহত হন অন্তত ১০ যাত্রী। বগুড়ায় তিনটি বাস-ট্রাকে পেট্রলবোমা হামলা এবং চট্টগ্রাম, পঞ্চগড় ও ফেনীতে পাঁচটি যাত্রীবাহী বাসেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এ ছাড়া নারায়ণগঞ্জে ভূমি অফিস, রাজশাহী ও পঞ্চগড়ে আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগসহ আরও কয়েকটি স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। ফেনীতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে মারা গেছে কয়েক শ কবুতর।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধের ৫৬তম দিন ছিল গতকাল। এই দিন ১৪টি জেলার অন্তত ২১টি স্থানে নাশকতা-সহিংসতার ঘটনা ঘটে। আগুন দেওয়া হয় ১৬টি গাড়িতে। ভাঙচুর করা হয় ১১টি। রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নাশকতায় জড়িত থাকার সন্দেহে, মামলা ও অন্যান্য ঘটনায় আটক বা গ্রেপ্তার করা হয় ৮০ জনকে।
৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে চলছে অবরোধ কর্মসূচি। তবে এর দুই দিন আগেই শুরু হয় সহিংসতা। ক্রসফায়ারে ৩৩ জনসহ সহিংসতায় এ পর্যন্ত নিহত হয়েছেন ১১৩ জন; আহত ব্যক্তির সংখ্যা সহস্রাধিক। আগুন দেওয়া হয়েছে মোট ৬৫৪টি যানবাহনে এবং ভাঙচুর করা হয়েছে মোট ৬১৬টি।
রাজধানীর চিত্র: প্রত্যক্ষদর্শীরা জানান, হাতিরঝিলে সকাল ১০টার দিকে চারটি ও বিকেল চারটার দিকে বিজয়নগরে দুটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে গত তিন দিনে ঢাকায় অন্তত ২০টি গাড়িতে আগুন দেওয়া হলো। ককটেল নিক্ষেপ ও ভাঙচুরের শিকার হয়েছে আরও অনেকগুলো গাড়ি।
গতকাল হাতিরঝিলে গাড়িতে অগ্নিসংযোগের সময় ভাঙচুর করা হয় আধা ডজনেরও বেশি গাড়িতে।
মেয়রের বাসভবনে হামলা: রাজশাহীর উপশহর এলাকায় সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বাড়িতে রাত নয়টার দিকে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এক ঘণ্টা পর একই এলাকায় বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বাড়িতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। রাত ১১টার দিকে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মাহবুব জামান ভুলুর বাসভবনেও বোমা হামলা হয়েছে। মোসাদ্দেকের বাড়িতে হামলায় তাঁর শাশুড়ি আহত হন। পুলিশ মেয়রের দুই ভাইকে আটক করে।
খায়রুজ্জামানের স্ত্রী শাহীন আক্তার রেনী জানান, তাঁর স্বামী ঢাকায় রয়েছেন। তিনি ড্রয়িংরুমে রাত নয়টায় টেলিভিশনে খবর দেখছিলেন। এ সময় বারান্দায় বিকট শব্দে একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। ড্রয়িংরুমের জানালার কাচ ফুটো হয়ে গেছে।
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, দ্রুত তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়।
রাত সোয়া ১০টার দিকে দুর্বৃত্তরা মেয়র মোসাদ্দেক হোসেনের বাসায় হামলা চালায়। তাঁর স্ত্রী রেবেকা সুলতানা বলেন, তিনি বারান্দায় কাপড় তুলতে গিয়ে দেখেন, একদল যুবক মেয়রের নামফলক লাথি দিয়ে ভাঙছে। তিনি কথা বলতে যেতে চাইলে তাঁকে লক্ষ্য করে ইট ছুড়ে মারে তারা। দরজা বন্ধ করে রক্ষা পান তিনি।
এদিকে নগরের বিলসিমলা বন্ধগেট এলাকায় ভোর ছয়টার দিকে নগর আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের বেশ কিছু অংশ পুড়ে যায়। স্থানীয় লোকজন গিয়ে আগুন নেভান।
গাজীপুরে বাসে আগুন, আহত ১০: গাজীপুরের শ্রীপুরের ঢাকা-বরমী সড়কের বরমী এলাকায় দুপুরে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকা থেকে গাজীপুরে যাওয়ার পথে প্রভাতী বনশ্রী পরিবহনের বাসটিতে গানপাউডার জাতীয় কিছু দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বাসের সব আসন ও ইঞ্জিন পুড়ে গেছে। আগুন থেকে বাঁচতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান।
বগুড়ায় তিন গাড়িতে বোমা: বগুড়ায় ১০ ঘণ্টার মধ্যে যাত্রীবাহী একটি বাস ও পণ্যবাহী দুটি ট্রাকে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে। এতে বাস ও ট্রাকগুলো পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি। গত রোববার রাত আটটার দিকে শহরের উপকণ্ঠে বনানী এলাকায় টিআর ট্রাভেলসের নৈশকোচ এবং গতকাল সকাল ছয়টার দিকে এরুলিয়া এলাকায় ট্রাকগুলোতে এ হামলা চালানো হয়। ঢাকা থেকে নওগাঁগামী বাসটিতে দুর্বৃত্তরা পেছন থেকে বোমা ছুড়ে মারে। এ সময় জানালা দিয়ে বাইরে লাফিয়ে পড়ে এবং হুড়োহুড়ি করে নেমে রক্ষা পান যাত্রীরা।
চট্টগ্রামে দুই বাসে আগুন: চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের এশিয়ান হাউজিং সোসাইটির সামনে রাত আটটার দিকে একটি বাসে পেট্রলবোমা মারে দুর্বৃত্তরা। যাত্রী না থাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ছাড়া রাত সাড়ে আটটার দিকে ইপিজেড এলাকায় আরও একটি বাসে আগুন দেওয়া হয়।
পঞ্চগড়ে আ.লীগ কার্যালয় ও দুই বাসে আগুন: পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজার ও টুনিরহাট বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোররাত চারটার দিকে এ ঘটনার কিছু আগে শহরের তেঁতুলিয়া বাসস্ট্যান্ডে পার্ক করা দুটি যাত্রীবাহী বাসেও পেট্রল ঢেলে আগুন দেয় তারা।
পুড়ে মরল কয়েক শ কবুতর: ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফেনীর দাগনভূঞা উপজেলার আজিজ ফাজিলপুর মোক্তার বাড়ির দরজা নামক স্থানে সকালে একটি যাত্রীবাহী বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার আগে তারা যাত্রীদের জোর করে বাস থেকে নামিয়ে দেয়। এ সময় ছাদে থাকা একজন ব্যবসায়ীর কয়েক শ কবুতর পুড়ে মারা গেছে।
সরকার-সমর্থকদের হামলা: জয়পুরহাটে সরকার-সমর্থকদের মিছিল থেকে কয়েকটি প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। বিস্ফোরণ ঘটানো হয় কিছু ককটেলেরও। বেলা সাড়ে ১১টার দিকে শহরের ফৌজিয়া মার্কেটে ইসলামী ব্যাংক ও মার্কেটের পাশে লোটো জুতার শোরুমে ঢিল ছোড়েন মিছিলকারীরা। পরে আমতলী এলাকায় গ্র্যাজুয়েট ডায়াগনস্টিক সেন্টারের কাচ ভাঙচুর করেন তাঁরা।
ঢাকার বাইরের আরও চিত্র: লক্ষ্মীপুরের কমলনগরে রোববার রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. আরিফ ও মাইন উদ্দিন নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে এ ঘটনাকে পুলিশের সাজানো নাটক বলে অভিযোগ করা হয়েছে। পুলিশ বলেছে, আরিফ (২০) যুবদল ও মাইন উদ্দিন (২৫) ছাত্রশিবিরের কর্মী।
দিনাজপুর-ঢাকা মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়ায় ভোর ছয়টার দিকে একটি ট্রাক পেট্রল দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার আগে সড়কে ত্রিফলা ফেলে ট্রাকটিকে থামানো হয়। দুর্বৃত্তরা চালক ও তাঁর সহকারীর দেহেও পেট্রল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করে। তবে তাঁরা পালাতে সক্ষম হন।
চাঁপাইনবাবগঞ্জের কানসাটে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে রাত সাড়ে আটটার দিকে দুর্বৃত্তরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং একটি খালি ট্রাকে আগুন দেয়। নাটোরের পুরাতন বাসস্ট্যান্ডে রোববার রাতে যাত্রীবাহী একটি বাসের নিচে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে নীলফামারী শহরের তিনটি স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় গত ২৭ ফেব্রুয়ারি ট্রাকে পেট্রলবোমা হামলার ঘটনায় গতকাল মামুন ভূঁইয়া ও জহিরুল ইসলাম নামে দুজনকে পুলিশ আটক করেছে। পুলিশের দাবি, তাঁরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং তাঁদের একজনকে দলীয় পদ-পদবির লোভ দেখিয়ে ওই হামলায় অংশগ্রহণ করানো হয়।
লক্ষ্মীপুরের রায়পুরের রাখালিয়া এলাকায় একটি স্কুল থেকে জামায়াতের নেতা ইছমাইল হোসেনকে আটক করার প্রতিবাদে দুপুরে গাছ ফেলে লক্ষ্মীপুর-রায়পুর সড়ক অবরোধের চেষ্টা করেন জামায়াত-শিবির কর্মীরা। এ সময় পিকআপ ভ্যান, অটোরিকশাসহ পাঁচটি গাড়ি ভাঙচুর করেন তাঁরা।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা}