ঢাকার উপবিভাগীয় হিসাব নিয়ন্ত্রক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া ভাউচারে পেনশনের ১৬ কোটি টাকা আত্মসাতের ঘটনায় করা মামলায় ঢাকার বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ের উপবিভাগীয় হিসাব নিয়ন্ত্রক আবু তাহেরকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

দুদক সূত্র বলছে, ২০১০ সাল থেকে ২০১১ সালের মধ্যে সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখা থেকে পেনশন গ্রহণকারীদের নামে ভুয়া ও অতিরিক্ত বিল-ভাউচারের বিপরীতে ১৬ কোটি ৬ লাখ ২ হাজার ৯৬২ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ১২ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া থানায় মামলা করে দুদক। সোনালী ব্যাংকের ওই সময়ের ব্যবস্থাপকসহ ২২ সরকারি কর্মকর্তাকে ওই মামলায় আসামি করা হয়।

গ্রেপ্তার হওয়া আবু তাহের ওই ঘটনার সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

আবু তাহের ছাড়া মামলার অন্য আসামিরা হলেন সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখার তৎকালীন ব্যবস্থাপক সিরাজুল হক, সিনিয়র অফিসার মোতাহার হায়দার মোল্লা, যুগ্ম জিম্মাদার (ক্যাশ) আবদুল ওয়াদুদ, অফিসার মিজানুর রহমান ভূঁইয়া ও খলিলুর রহমান, ব্যাংকের পরিদর্শন ও নিরীক্ষা বিভাগের সহকারী মহাব্যবস্থাপক ফজলুর রহমান, তৎকালীন জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সিদ্দিকুর রহমান, অনিল চন্দ্র দাস, মালিক নেওয়াজ, শাহ মো. মনজুর আহমেদ, সিজিএ অফিসের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা অবিনাশ চন্দ্র মণ্ডল, শরীয়তপুর জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আবদুল হান্নান, বুড়িচং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোখলেছুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আবদুল মুমিত চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ার তৎকালীন হিসাবরক্ষণ কর্মকর্তা খলিলুর রহমান মোল্লা, কুমিল্লা জেলা সদর হিসাবরক্ষণ কর্মকর্তা বিল্লাল হোসেন পাটোয়ারী, তৎকালীন এসওএস সুপার কবির আহাম্মদ, তৎকালীন অডিটর আনোয়ারুল ইসলাম খান, নাজমুল আলম ও ওয়াহিদুর রহমান, জুনিয়র অডিটর আবদুল বারেক।