ঢাকার কর্মকর্তাদের আজ ডেকেছে বাংলাদেশ ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসবিসির ঢাকা কার্যালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের ডেকেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের ১৬ ব্যক্তি বা প্রতিষ্ঠানের সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বিপুল অঙ্কের বাংলাদেশি মুদ্রা পাচারের ঘটনা সম্পর্কে জানতে আজ বৃহস্পতিবার সকালে কর্মকর্তাদের ডাকা হয়েছে। এইচএসবিসির কর্মকর্তারা কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটের (বিএফআইইউ) কর্মকর্তাদের কাছে তাঁদের বক্তব্য তুলে ধরবেন। বাংলাদেশ ব্যাংক সূত্র গতকাল বুধবার এ কথা জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র ম. মাহফুজুর রহমান রাতে জানান, যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক হংকং-সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) কর্মকর্তাদের কাছে ১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার বা ১০১ কোটি টাকা (প্রতি ডলার ৭৭.৮৩ টাকা ধরে) পাচার সম্পর্কে প্রথমে মৌখিকভাবে জানতে চাইবেন বিএফআইইউয়ের কর্মকর্তারা। পরে লিখিত তথ্য চাওয়া হবে। প্রয়োজন হলে এইচএসবিসির কার্যালয় পরিদর্শন করা হবে।
এইচএসবিসি ব্যাংকের সহায়তায় কর ফাঁকি দিয়ে বিশ্বব্যাপী ১১ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার পাচার হওয়ার তথ্য সম্প্রতি বিশ্বব্যাপী প্রধান প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাতে বাংলাদেশিদের অর্থ পাচারের তথ্যটিও রয়েছে। এর মধ্যে একটি হিসাবেই পাচার করা অর্থের পরিমাণ ৪৪ লাখ মার্কিন ডলার বা ৩৪ কোটি টাকা। ১৯৮৫ থেকে ২০০৭ সাল সময়ের মধ্যে এই পাচারের ঘটনা ঘটেছে। তবে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে ২০০৫ থেকে ২০০৭ সালের মধ্যে। অবশ্য কারা এই অর্থ পাচার করেছে, সে তথ্য জানা যায়নি।