ঢাকার কামরাঙ্গীরচর থেকে আটক ১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পুলিশের মাদকবিরোধী অভিযানে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে ১৮ জনকে আটক করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত এই অভিযান চলে। এ সময় ওই এলাকা থেকে এক মণের বেশি গাঁজা, ২০০টি ইয়াবা বড়ি, এক হাজারের মতো হেরোইনের পুরিয়া ও এক হাজার লিটার দেশি মদ উদ্ধার কারা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) ইব্রাহিম খান প্রথম আলোকে বলেন, আজ কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে ১৮ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের মধ্যে একজন চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আছেন। তাঁর বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ ১৩টি মামলা আছে। তাঁর নাম আকবর (৩৫)।

মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত একাধিক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়।

গ্রেপ্তার করা ব্যক্তিদের কাছ থেকে ১ হাজার ১৪৮টি ইয়াবা বড়ি, ৫৬১ গ্রাম হেরোইনের ১ হাজার ৫৪০টি পুরিয়া, ৮৪ কেজি ১০৫ গ্রাম গাঁজা, ২৬ বোতল ফেনসিডিল ও ২৯৩টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬০টি মামলা করা হয়েছে।

সারা দেশে এখন মাদকবিরোধী অভিযান চলছে। অভিযান চলাকালে গত ২২ দিনে দেশের বিভিন্ন স্থানে বন্দুকযুদ্ধে ১৩৩ জন মাদক ব্যবসায়ী নিহত হলেন। তাঁদের মধ্যে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৭০ জন এবং র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩৪ জন নিহত হয়েছেন। অর্থাৎ, এই অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১০৪। বাকি ২৯ জন মাদক ব্যবসায়ী দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে দাবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।