ঢাকার তরুণীকে গোয়ালন্দে উদ্ধার
প্রতারণার মাধ্যমে গত সোমবার ঢাকার শান্তিবাগ এলাকা থেকে নিয়ে আসা এক তরুণীকে (২০) গতকাল বুধবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ উপজেলার উজানচর থেকে উদ্ধার করেছে। তবে এ ঘটনায় অভিযুক্ত জহুরুল ইসলাম (২৫) নামের তরুণকে পুলিশ আটক করতে পারেনি।
জহুরুল গোয়ালন্দ উপজেলার দক্ষিণ উজানচর মৈজদ্দিন মণ্ডলপাড়ার কৃষক খায়ের আলীর ছেলে।
গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ সূত্র জানায়, ঢাকার শাহজাহানপুর থানার শান্তিবাগ এলাকার কলেজছাত্রী খিলগাঁও এলাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। সেখানেই চাকরি করতেন জহুরুল ইসলাম। প্রায় তিন মাস ধরে চাকরির সুবাদে তাঁদের মধ্যে পরিচয় হয়। এরপর থেকে নানাভাবে জহুরুল ওই তরুণীকে বিরক্ত করতে থাকেন। গত সোমবার দুপুরে অফিস থেকে বের হওয়ার পর তরুণীকে গোয়ালন্দে বেড়াতে আসার কথা জানান জহুরুল। এতে রাজি না হলে প্রকাশ্যে জহুরুল গাড়ির নিচে মাথা দিয়ে আত্মহত্যা করবেন এবং এ জন্য তরুণীকে দায়ী করে যাবেন বলে জানান জহুরুল। ভয়ে তরুণী রাজি হলে তাঁকে ওই দিন জহুরুল তাঁর গ্রামের বাড়ি গোয়ালন্দে নিয়ে আসেন। ওই রাতেই তাঁকে জোর করে বিয়ে করেন। এদিকে তরুণী বাসায় না ফেরায় পরিবারের লোকজন খোঁজ করতে থাকেন। জানতে পেরে পরদিন মঙ্গলবার তরুণীর বাবা বাদী হয়ে জহুরুলকে অভিযুক্ত করে ঢাকার খিলগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
খিলগাঁও থানার দেওয়া তথ্যমতে, গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ বিষয়টি জানতে পেরে গতকাল বুধবার সকালে জহুরুলের বাবা খায়ের আলীর সহযোগিতায় কলেজছাত্রী ওই তরুণীকে উদ্ধার করে। এ ঘটনা টের পেয়ে জহুরুল বাড়ি থেকে পালিয়ে যান।
গতকাল সকালে পুলিশ হেফাজতে থাকা তরুণী বলেন, তিনি স্থানীয় একটি কলেজে সম্মান প্রথম বর্ষের ছাত্রী। তাঁদের গ্রামের বাড়ি শরিয়তপুরের পশ্চিম সোনামুখী পালং গ্রামে। অভাবের কারণে পড়াশোনার পাশাপাশি খিলগাঁও থানা এলাকার একটি বেসরকারি কোম্পানিতে চুক্তিভিত্তিক চাকরি করেন। জহুরুলের সঙ্গে তিন মাস আগে সেখানেই পরিচয় হয়। ঘটনার দিন জহুরুল তাঁকে ভালোবাসেন এবং জোর করে তাঁর সঙ্গে বেড়ানোর কথা বলেন। রাজি না হলে আত্মহত্যার হুমকি দেন। ভয়ে তাঁর সঙ্গে যান। গ্রামের বাড়ি নিয়ে আসার পর জহুরুল জোর করে তাঁকে বিয়ে করেন। কিন্তু কৌশলে বিষয়টি পরিবারকে জানানোর পর পুলিশ তাঁকে উদ্ধার করে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ বলেন, কলেজছাত্রী উদ্ধারের পর খিলগাঁও থানা-পুলিশকে অবগত করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি বুঝতে পেরে জহুরুল পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। তরুণীকে খিলগাঁও থানা-পুলিশের হাতে সোপর্দ করা হবে।