ঢাকার নিউমার্কেট এলাকায় গুলিবিদ্ধ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম মো. দীপু (২২)। বাড়ি লালবাগে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, সেখানে চিকিৎসাধীন দীপু বলেন, নিউমার্কেটে তাঁর শাওন নেটওয়ার্ক নামে দোকান রয়েছে। তিনি একজন ব্যবসায়ী। গতকাল রাতে দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। নিউমার্কেট কাঁচাবাজারের সামনে এসে দেখেন কয়েকজনের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হচ্ছে। কিছু বোঝার ওঠার আগেই হঠাৎ করে গুলি এসে পায়ে লাগে।

দীপুর বাবা মানিক মিয়া বলেন, কে কী কারণে গুলি করল তিনি জানেন না। দীপু সন্ত্রাসী নয়। তিনি একজন ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে দীপুকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক গুলিবিদ্ধ দীপুকে নিয়ে আসার বিষয়টি জানেন বলে জানিয়েছেন।