অপেক্ষমাণ তালিকা থেকে একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে রাজধানীর বিভিন্ন কলেজে অনিয়ম হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ক্ষেত্রে দুই ধরনের অনিয়মের অভিযোগ করেছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। প্রথমত, কোনো শিক্ষার্থী অপেক্ষমাণ তালিকা থেকে তার পছন্দের কোনো কলেজে ভর্তির জন্য আগে যে কলেজে ভর্তি হয়েছিল, তা বাতিল করতে হয়। কিন্তু কোনো কোনো কলেজ এই ভর্তি বাতিল করতে চাচ্ছে না। ফলে অপেক্ষমাণ তালিকা থেকে অন্য কলেজে ভর্তি হতে বিড়ম্বনায় পড়ছে অনেক শিক্ষার্থী।
দ্বিতীয়ত, বেশ কিছু কলেজে নির্ধারিত সময় অনুযায়ী গতকাল শনিবার ভর্তি হতে গিয়ে শিক্ষার্থীরা জানতে পেরেছে, সময়ের আগেই ২৩ জুন অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করা হয়েছে। ফলে বোর্ডের করা তালিকা অনুযায়ী ভর্তির সুযোগ পেয়েও ভর্তি হতে পারেনি অনেক শিক্ষার্থী।
রাজধানীর উত্তরখান এলাকা থেকে মাহবুবুর রহমান নামে এক অভিভাবক প্রথম আলোকে বলেন, তাঁর মেয়ে বোর্ডের করা অপেক্ষমাণ তালিকা অনুযায়ী কয়েকটি কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। সে অনুযায়ী গতকাল শহীদ লে. আনোয়ার গার্লস কলেজে বিজ্ঞান শাখায় ভর্তি হতে গেলে কলেজ কর্তৃপক্ষ জানায়, ২৩ জুন অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করা হয়েছে। এখন আর ভর্তি হওয়া যাবে না। অপেক্ষমাণ তালিকার মেধাক্রম অনুযায়ী তাঁর মেয়ের অবস্থান ১৩৯তম। ভর্তি হতে না পেরে তাঁরা হতাশায় আছেন।
একই অভিযোগ পাওয়া গেছে মিরপুরের বিসিআইসি কলেজের ক্ষেত্রে। মাহবুবুল ইসলাম নামে এক অভিভাবক অভিযোগ করেন, গতকাল সকালে কলেজে গেলে জানানো হয়, ভর্তি শেষ হয়ে গেছে। তাঁর সন্তান এসএসসিতে জিপিএ-৫ পেয়েও ভর্তি হতে পারল না। অথচ একই কলেজে জিপিএ-৫-এর নিচে ফল করেও কোনো কোনো শিক্ষার্থী ভর্তি হয়েছে।
একই কলেজে ভর্তি বাতিল নিয়েও শিক্ষার্থীদের হয়রানি করার অভিযোগ উঠেছে। এ নিয়ে গতকাল কলেজের সামনে অনেক অভিভাবক ক্ষোভ প্রকাশ করেছেন।
জানতে চাইলে বিসিআইসি কলেজের অধ্যক্ষ দেলোয়ারুল আজিম প্রথম আলোকে বলেন, বোর্ডের নিয়মানুযায়ীই তাঁরা অপেক্ষমাণ তালিকা থেকে ২৩ জুন কিছু শিক্ষার্থী ভর্তি করিয়েছেন। তবে গতকালও ভর্তি করিয়েছেন বলে তিনি দাবি করেন।
জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আশফাকুস সালেহীন প্রথম আলোকে বলেন, ২৩ জুন অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির কোনো সুযোগ নেই। কারণ, অপেক্ষমাণ তালিকার মেধাক্রমই প্রকাশ করা হয়েছে ২৪ জুন।
এবার একাদশ শ্রেণিতে মেধাক্রম অনুযায়ী ভর্তির কাজ হয়েছে ১৮ থেকে ২২ জুন পর্যন্ত। আর অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে ২৪ জুন থেকে, চলবে ২৭ জুন পর্যন্ত।
নিয়মিত ও অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির পরও বিলম্ব ফিসহ ভর্তি হওয়া যাবে ১০ থেকে ২০ জুলাই পর্যন্ত। এবার একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে ১০ জুলাই থেকে। ১৬ জুন ২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছিল।