ঢাকার ব্যবসায়ীর লাশ মিলল কুমিল্লায়
নিখোঁজের একদিনের মাথায় রাজধানীর যাত্রাবাড়ীর এক ব্যবসায়ীর লাশ কুমিল্লার দাউদকান্দি থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যার দিকে দাউদকান্দির উপজেলার আটিপাড়া গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
ওই ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম (৪০)। তিনি পরিবার নিয়ে যাত্রাবাড়ীর পূর্ব রায়েরবাগের দোতলা মসজিদ এলাকায় থাকেন। ওই এলাকায় তাঁর মশার কয়েল তৈরির কারখানা আছে।
দাউদকান্দি থানার উপপরিদর্শক (এসআই) তপন কুমার বাগচী প্রথম আলোকে বলেন, আজ সন্ধ্যা ছয়টার দিকে দাউদকান্দির ওই গ্রামের এক স্থানে একটি লাগেজ পরে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পরে সেখানে গিয়ে লাগেজ খুলে দেখা যায়, সেখানে কম্বল মোড়ানো অবস্থায় একটি লাশ। নিহতের গলায় ফুলা চিহ্ন এবং নাকে রক্ত রয়েছে। পরে খোঁজ খবর নিয়ে জানা যায়, লাশটি ঢাকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের। গতকাল মঙ্গলবার নিখোঁজ হয়েছিলেন তিনি।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, মঙ্গলবার সকালে বাসা থেকে বের হয়ে কারখানায় যান জাহাঙ্গীর। কিন্তু রাতে আর বাসায় ফেরেননি। মুঠোফোনও ছিল বন্ধ। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তাঁর সন্ধান মেলেনি। পরে গতকাল রাতেই পরিবারের পক্ষ থেকে যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে আজ বুধবার সকালে মুঠোফোনে অজ্ঞাতনামা লোকজন কখনো এক কোটি, কখনো পাঁচ কোটি আবার কখনো ১০ কোটি টাকা দাবি করেন। কিন্তু কীভাবে টাকাটা পৌঁছাতে হবে-তার কোনো কিছুই বলেননি ওই ব্যক্তিরা।
এসআই পরিমল বলেন, জাহাঙ্গীরের লাশ উদ্ধারের খবর পেয়েছি। আত্মীয়-স্বজনও কুমিল্লায় রওনা দিয়েছেন। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ী জাহাঙ্গীরকে হত্যা করা হয়েছে। ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হবে।