ঢাকার ব্যাংক থেকে টাকা তোলার পর নিখোঁজ, নারায়ণগঞ্জে লাশ
>

পুলিশের ধারণা, কোনো অপরাধী চক্র ব্যাংক থেকে তোলা টাকা লুটের জন্য দৃক কর্মকর্তা ইরফানুল ইসলামকে অপহরণ করে হত্যা করে। প্রথমে মাথায় আঘাত ও পরে শ্বাসরোধে হত্যা করা হয়
স্ত্রী-সন্তানের সঙ্গে সকালের নাশতা শেষে শনিবার সকাল ১০টার দিকে কর্মস্থলের দিকে বেরিয়েছিলেন ইরফানুল ইসলাম। ধানমন্ডির অফিস থেকে বের হন ব্যাংকের উদ্দেশে, টাকা তুলতে। সেটাই শেষ যোগাযোগ। এক দিন নিখোঁজ থাকার পর রোববার বেলা ১১টায় স্ত্রী-পুত্র জানল, ইরফানুল খুন হয়েছেন। লাশ মিলেছে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় পথের পাশের একটি ঝোপ থেকে। জায়গাটা নারায়ণগঞ্জ জেলার মধ্যে।
কলাবাগান থানার উপপরিদর্শক লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, শনিবার বেলা একটার দিকে আলোকচিত্র ও শিল্পকর্ম প্রদর্শন প্রতিষ্ঠান দৃক গ্যালারির মহাব্যবস্থাপক রেজাউর রহমানের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এতে বলা হয়েছে, ওই প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা ইরফানুল ইসলাম ৩ লাখ ৮ হাজার টাকার একটি চেক ভাঙাতে শনিবার বেলা ১১টা ২৬ মিনিটে ধানমন্ডির ২৭ নম্বর সড়ক-সংলগ্ন অফিস ছাড়েন। টাকা তোলার পর ১১টা ৪৮ মিনিটে তাঁর সঙ্গে দৃক গ্যালারি অফিসের শেষবারের মতো যোগাযোগ হয়। এরপর থেকে তিনি নিখোঁজ।
শনিবারই বিকেল ৫টা ১০ মিনিটে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবিদ হোসেন খান ইরফানুলের লাশ উদ্ধার করেন। তখনো লাশের পরিচয় ছিল অজানা। পুলিশের ধারণা, অন্য কোথাও খুন করে ইরফানুলের লাশ জালকুড়ির ঝোপে ফেলে রেখে যাওয়া হয়েছে। নারায়ণগঞ্জের ১৫০ শয্যা হাসপাতালে ময়নাতদন্ত শেষে আবাসিক চিকিৎসা কর্মকর্তা আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, প্রথমে মাথায় আঘাত ও পরে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়েছে। তাঁর মাথার পেছনের দিকে আঘাতের চিহ্ন ও পিঠে আঁচড়ের দাগ রয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান বলেন, প্রাথমিকভাবে তাঁদের ধারণা, ঢাকার কোনো অপরাধী চক্র ব্যাংক থেকে তোলা টাকা লুটের জন্য ইরফানুল ইসলামকে অপহরণ করে হত্যা করে।
নারায়ণগঞ্জে লাশ পাওয়ার পাঁচ ঘণ্টা আগেও শনিবার দুপুরে ঢাকার ধানমন্ডির ৮ নম্বর সড়কে একটি বাণিজ্যিক ব্যাংকের সিসি ক্যামেরায় ইরফানুল ইসলামকে দেখা গেছে বলে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল গতকাল রোববার রাতে প্রথম আলোকে জানিয়েছেন। তিনি বলেন, শনিবার দুপুর ১২টার দিকে ধানমন্ডি ৮ নম্বর সড়কের ডাচ্-বাংলা ব্যাংক থেকে তিনি ৩ লাখ টাকা তুলেছিলেন বলে জানা গেছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, টাকা নিয়ে ইরফানুল হেঁটে ব্যাংকের চৌহদ্দি থেকে বেরিয়ে গেছেন। তিনি বলেন, ‘আমি শুনেছি গাড়িচালক পাশের সড়কে অপেক্ষা করছিলেন। দুপুর ১২টার পর চালক দুবার তাঁকে ফোন করেন। প্রথমবার রিং হলেও পরে ফোন বন্ধ পান চালক।’
ইরফানুলের সহকর্মী ও স্বজনেরা এ হত্যাকাণ্ডের কোনো উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন না। নিহতের সহকর্মীরা বলেন, রোববার পত্রিকায় অজ্ঞাতনামা একটি লাশ উদ্ধারের খবর তাঁদের চোখে পড়ে। বর্ণনা মিলে যাওয়ায় তাঁরা খোঁজ করতে শুরু করেন। পরে নিশ্চিত হন লাশটি ইরফানুলের। ইরফানুল বাবা-মায়ের সঙ্গে বাসাবোয় থাকতেন। সাত-আট মাস আগে স্ত্রী-পুত্র নিয়ে তিনি জিগাতলার ভাড়া বাসায় ওঠেন।
ইরফানুলের চাচা রফিকুল ইসলাম বলেন, তাঁর কোনো শত্রু ছিল বলে পরিবারের কেউ জানে না। তাঁরা কাউকে সন্দেহও করছেন না। গতকাল বিকেলে নারায়ণগঞ্জ থেকে তাঁর লাশ প্রথমে দৃক গ্যালারিতে ও পরে বনানীতে নিয়ে যাওয়া হয়। রাতেই তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবিদ হোসেন খান বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় ফিরোজ ফিলিং স্টেশনের পাশে একটি কাঁচা রাস্তার ঝোপে লাশটি পড়ে ছিল। সুরতহাল প্রতিবেদন শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়। নিহতের পরনে হলুদ পাঞ্জাবি ও সাদা প্যান্ট ছিল। গতকাল দুপুর সাড়ে ১২টায় নগরের মণ্ডলপাড়ায় অবস্থিত ১৫০ শয্যা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে এসে লাশ শনাক্ত করেন তাঁর ভাই নওশাদুল ইসলাম ও প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক এ এস এম রেজাউর রহমান।
এদিকে গতকাল বিকেলে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা হয়। স্থানীয় বাসিন্দারা বলেন, বেলা তিনটা থেকে চারটার মধ্যে লাশটি ফেলা হয়ে থাকতে পারে। পুলিশের হয়রানির আশঙ্কায় প্রত্যক্ষদর্শীদের কেউ নাম প্রকাশ করতে রাজি হননি।
দৃক গ্যালারির মহাব্যবস্থাপক (অপারেশনস) এ এস এম রেজাউর রহমান হাসপাতালের মর্গে সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই ইরফানুল দৃকের সঙ্গে আছেন। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, ব্যাংক থেকে তোলা টাকা ছিনিয়ে নেওয়ার জন্যই তাঁকে হত্যা করা হয়েছে। তাঁর কোনো শত্রু থাকার কথা নয়।’