ঢাকার মাত্র ১ শতাংশ রাস্তায় যানবাহন চলে বাকি সব বেদখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানগরে সাধারণত মোট জায়গার ২৫ শতাংশ রাস্তা থাকার কথা। অথচ ঢাকায় আছে ৭-৮ শতাংশ। এর মধ্যে মাত্র এক শতাংশ যানবাহন চলাচলের কাজে ব্যবহার হয়। বাকি রাস্তা দোকানপাট ইত্যাদিতে বেদখল হয়ে যাচ্ছে।

গতকাল রোববার রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে ‘সড়ক নিরাপত্তা’ প্রচারণার উদ্বোধনের সময় ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এক প্রবন্ধ উপস্থাপনায় এসব কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ট্রাফিক-পশ্চিম ডিভিশন) উপপুলিশ কমিশনার ইমতিয়াজ আহমদ। এই প্রচারণা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। গতকাল আসাদগেট ও মোহাম্মদপুরবাসস্ট্যান্ড, শিয়া মসজিদ, শ্যামলী সড়কসহ বিভিন্ন এলাকায় এ প্রচারণা চালানো হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ কর্মসূচি এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসির) মেয়র আনিসুল হক বলেন, রাজধানীর যানজট পরিস্থিতিতে দেড় থেকে দুই বছরের মধ্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এ জন্য কমিউনিটি পুলিশকে আরও শক্তিশালী করার চেষ্টা চলছে।

অনুষ্ঠানে ব্র্যাকের প্রশাসন কর্মসূচির পরিচালক ও সড়ক নিরাপত্তা কর্মসূচির প্রধান আহমেদ নাজমুল হুসেইনের সভাপতিত্বে সড়ক ব্যবস্থাপনা নিয়ে পৃথক প্রবন্ধ উপস্থাপনা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কাজী মো. সাইফুন নেওয়াজ। অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ জাহাঙ্গীর কবির, নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ও ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ কর্মসূচির পরিচালক কে এ এম মোর্শেদ। বিজ্ঞপ্তি।