রাজধানীতে ৪ মণ কচ্ছপ আটক, তিনজনের কারাদণ্ড

ঢাকারশাঁখারি বাজার এলাকায় অভিযান চালিয়ে আজ শুক্রবার বিভিন্ন প্রজাতির প্রায় ৫৭টি জীবিত কচ্ছপ উদ্ধার করেছেন র্যাব ও বন বিভাগের কর্মকর্তারা। বন বিভাগের ভাষ্য, এগুলোর ওজন প্রায় চার মণ। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে তাৎক্ষণিক শাস্তি দেওয়া হয়েছে। আর কচ্ছপগুলো গাজীপুরের সাফারি পার্কে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বন বিভাগের কর্মকর্তা জানান, প্রতি শুক্রবারই এক হাজার টাকা কেজি দরে ওই এলাকায় কচ্ছপের মাংস বিক্রি হয়। বেআইনি এ কারবার বন্ধের লক্ষ্যে আজ ওই এলাকার শিবমন্দিরের পাশের রাস্তায় এ অভিযান চালানো হয়। ভোর ছয়টা থেকে শুরু করে সকাল ১০টা পর্যন্ত অভিযান চলে।
বন পরিদর্শক অসীম মল্লিক প্রথম আলোকে বলেন, ছোট বড় মিলিয়ে ৫৭টি জীবিত কচ্ছপ উদ্ধার করেছেন তাঁরা। ধুম, সন্ধি ও কড়িকাইট্টা প্রজাতির এ কচ্ছপগুলোর বাজার মূল্য প্রায় চার লাখ টাকা। সবচেয়ে বড় কচ্ছপটির ওজন প্রায় ১২ কেজি। মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, যশোর ও খুলনাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে এসব কচ্ছপ নিয়ে আসা হয়।
অসীম মল্লিক আরও বলেন, বেআইনি এ কারবারের দায়ে ভ্রাম্যমাণ আদালত আজ প্রবীর চন্দ্র দাস (৪৭), পনির চন্দ্র দাস (৩৯) ও কার্তিক চন্দ্র দাস (৩৪) নামে তিনজনকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম এ আদালতের নেতৃত্ব দেন।
এর আগেও এ এলাকায় কয়েকবার অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়। কিন্তু কিছুদিন পরই জামিন নিয়ে তাঁরা বের হয়ে আসেন বলে জানালেন অসীম মল্লিক।