ঢাকার শাহবাগে ছুরিকাঘাতে পথচারী নিহত, আটক ১
রাজধানী ঢাকার শাহবাগে ছুরিকাঘাতে এক পথচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করেছে। ঘটনাটি ছিনতাই, নাকি অন্য কিছু, তা তদন্ত করে দেখছে পুলিশ।
নিহত পথচারীর নাম নুরুন নবী মজুমদার।
শাহবাগ থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। থানা সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টায় শাহবাগে বারডেম হাসপাতাল-সংলগ্ন পদচারী-সেতুর সামনে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে খায়রুল আনাম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। হত্যায় ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে। আটক খায়রুল এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন। খায়রুল চিকিৎসাধীন কেন জানতে চাইলে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।
ঘটনাটি রমনা থানা তদন্ত করছে বলে জানিয়েছে শাহবাগ থানার পুলিশ। তবে এ ব্যাপারে রমনা থানায় যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহত ব্যক্তির লাশ আজ বেলা ১১টার দিকে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।