ঢাকার সঙ্গে গতকাল সোমবার থেকে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের সব যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। পরিবহনশ্রমিকদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে মালিকদের সঙ্গে দ্বন্দ্বের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ঠাকুরগাঁও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা বলেন, ঢাকার পথে চলাচল করা পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বাস-শ্রমিকদের মধ্যে বেতন-ভাতা নিয়ে অসন্তোষ ছিল। সম্প্রতি শ্রমিকদের নিয়োগপত্র দেওয়া ও বেতন বাড়ানোর জন্য আন্দোলন গড়ে তুলতে তিন জেলার শ্রমিকেরা এক হয়ে শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ গঠন করেন।
পরিষদের পক্ষ থেকে এ তিন জেলায় চলাচল করা ঢাকার সব বাস-মালিককে শ্রমিকদের নিয়োগপত্র দিতে ও বেতন বাড়ানোর অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়। একপর্যায়ে এ দাবিতে পরিবহনশ্রমিকেরা পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে চলাচল করা হানিফ এন্টারপ্রাইজের বাস বন্ধ করে দেয়। একই দাবিতে ৮ জুন ঠাকুরগাঁওয়ের শ্রমিকেরাও হানিফ এন্টারপ্রাইজের বাস বন্ধ করে দেয়।
হানিফ এন্টারপ্রাইজের এক চালকের সহকারী বলেন, ঢাকায় যাতায়াতের বিপরীতে তাঁরা খোরাকি পান ৫০০ টাকা। সুপারভাইজাররা পান ৫৫০ টাকা আর চালকেরা ১ হাজার ১০০ টাকা। এ টাকায় সংসার চালানো কষ্টকর। এ কারণে চালকের বেতন ১ হাজার ৫০০, সুপারভাইজারের ৮০০ ও সহকারীর ৭০০ টাকা করার দাবি জানানো হয়েছে।
এরপর গত শনিবার রাতে শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সভা হয়। সভায় তিন জেলার শ্রমিকনেতারা গত রোববার থেকে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর থেকে হানিফ এন্টারপ্রাইজের বাস চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন।
এদিকে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন (মালিক সমিতি) শ্রমিকনেতাদের সঙ্গে যোগাযোগ করে হানিফ এন্টারপ্রাইজের বাস চালু রেখে আলোচনায় বসার অনুরোধ করেন। এতে শ্রমিক সংগ্রাম পরিষদ সাড়া না দেওয়ায় মালিক সমিতি পাল্টা কর্মসূচি দেয়। ফলে গতকাল থেকে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর থেকে ঢাকায় চলাচল করা সব বাস বন্ধ হয়ে যায়।
বাস চলাচল না করায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। ঠাকুরগাঁও শহরের নর্থ সার্কুলার সড়কের পোশাক ব্যবসায়ী মো. রাজিব বলেন, ১০ রমজানের পর এ অঞ্চলে ঈদ উপলক্ষে বাজার জমে ওঠে। এখন ঢাকায় গিয়ে মালামাল আনা প্রয়োজন। কিন্তু উপায় নেই।
ঢাকায় বসবাস করা হাজিপাড়া মহল্লার বাসিন্দা শেখ রায়হান বলেন, ‘জরুরি কাজে ঠাকুরগাঁওয়ে যাওয়ার জন্য কাউন্টারে গিয়ে দেখি বাস বন্ধ। উপায় না পেয়ে রংপুরের বাসে উঠে পড়ি। পরে সেখান থেকে সাধারণ বাসে ঠাকুরগাঁওয়ে আসতে হয়েছে। এখন ঢাকা ফিরতে আবার কষ্ট করতে হবে।’
জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহদাৎ হোসেন বলেন, ঢাকার পথে চলাচল করা বাসগুলোর মধ্যে হানিফ এন্টারপ্রাইজে কাজ করা শ্রমিকদের বেতন-ভাতা অনেক কম। এ অসন্তোষ থেকেই শ্রমিকেরা তিন জেলায় হানিফ এন্টারপ্রাইজের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। মালিকেরাও পাল্টা বাস বন্ধ করে দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও বাবলু এন্টারপ্রাইজের মালিক মো. হাসিবুল ইসলাম গতকাল মুঠোফোনে বলেন, শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে যে সংকট সৃষ্টি হয়েছে, সেটা হানিফ এন্টারপ্রাইজের অভ্যন্তরীণ বিষয়। ঢাকার পথে চলাচল করা অন্য বাস-মালিকদের সঙ্গে শ্রমিকদের কোনো বিরোধ নেই। হানিফ এন্টারপ্রাইজের মালিক নিজের স্বার্থে অন্য সব বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। ফলে ঈদের মৌসুমে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।