ঢাকাসহ তিন জেলায় 'বন্দুকযুদ্ধে' নিহত ৩
ঢাকাসহ তিন জেলায় গত রোববার রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন তিনজন। এর মধ্যে রাজধানীর উত্তরখানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবক তাঁতীবাজার এলাকায় ২৫ লাখ টাকা ছিনতাই মামলার আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ। আর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন বাকি দুজন।
ঢাকা: নিহত যুবকের নাম মো. রাজীব (৩০)। তিনি পুরান ঢাকায় ‘শুটার রাজীব’ নামে পরিচিত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, চারটি গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, গত ১৯ অক্টোবর পুরান ঢাকার তাঁতীবাজার এলাকায় সাদ জুয়েলার্সের এক কর্মচারীকে গুলি করে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনায় করা মামলায় রাজীবকে আসামি করা হয়। এ ছাড়া তাঁর নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল গত তিন মাসে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ৭০ ভরি সোনার গয়না ডাকাতির সঙ্গে জড়িত। রাজীবের বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে। তাঁকে গত রোববার গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি-মিডিয়া) মুনতাসিরুল ইসলাম বলেন, অন্য আসামিদের ধরতে রাজীবকে সঙ্গে নিয়ে রোববার রাতে অভিযানে নামে কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। রাত ১২টার দিকে দলটি উত্তরখান এলাকায় গেলে তাদের লক্ষ্য করে গুলি চালায় রাজীবের সহযোগীরা। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সহযোগীদের গুলিতে নিহত হন রাজীব। তবে ছিনতাই করা টাকা উদ্ধার করা যায়নি।
ঝিনাইদহ: কালীগঞ্জে নিহত কামাল হোসেন (৩৫) যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আগ্রাইল গ্রামের মৃত বাবুল হোসেনের ছেলে। তিনি কালীগঞ্জে গত ২০ অক্টোবর পেট্রল ঢেলে আগুন লাগিয়ে মা ও মেয়েকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি। ঘটনাস্থল থেকে র্যাব একটি বিদেশি পিস্তল, একটি গুলি, গুলির খোসা ও ম্যাগাজিন উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেনের ভাষ্যমতে, ঝিনাইদহ র্যাব-৬-এর একটি দল রোববার দিবাগত রাতে ঝিনাইদহ-যশোর সড়কে টহল দিচ্ছিল। রাত দুইটার দিকে সড়কের বারোবাজার কড়াইতলা এলাকায় পৌঁছালে টহল দলটির সদস্যদের ওপর গুলি চালায় একদল সন্ত্রাসী। এ সময় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। সংঘর্ষের একপর্যায়ে যুবক কামাল হোসেন গুলিবিদ্ধ হন। তাঁকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক নাহিদুল ইসলাম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই কামালের মৃত্যু হয়।
গত ২০ অক্টোবর গভীর রাতে কালীগঞ্জের ফরাসপুর গ্রামে ঘরের জানালা দিয়ে পেট্রল ছুড়ে আগুন দিয়ে ঘুমন্ত তাছলিমা খাতুন (৪০) ও তাঁর দেড় বছরের মেয়ে তাছমিয়া খাতুনকে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ২১ অক্টোবর কালীগঞ্জ থানায় করা হত্যা মামলায় তাছলিমার বড় মেয়ের স্বামী কামালকে প্রধান আসামি করা হয়।
গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কুমারখাদা এলাকায় রোববার রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন রফিকুল ইসলাম (৩০) নামের এক যুবক। তিনি স্থানীয় বনগ্রামের ইব্রাহীম খানের ছেলে। ঘটনাস্থল থেকে একটি গুলিভর্তি বিদেশি পিস্তল ও একটি চাপাতি উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১ সূত্র জানায়, গাজীপুরের পোড়াবাড়ী র্যাব ক্যাম্পের একটি টহল দল জানতে পারে, সাত-আটজনের একটি সন্ত্রাসী দল অস্ত্রশস্ত্র নিয়ে কুমারখাদার বনে অবস্থান করছে। রাত সোয়া একটার দিকে টহল দলটি সেখানে পৌঁছালে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এ সময় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে রফিককে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাঁকে রাতেই গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুস সালাম সরকার বলেন, যুবক রফিকুলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর পেটে, পিঠে, ঊরুতে ও বুকের বাঁ পাশে গুলির আঘাতের চিহ্ন রয়েছে।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, খবর পেয়ে গতকাল সোমবার সকালে গাজীপুর মর্গে গিয়ে তিনি লাশের সুরতহাল প্রতিবেদন করেন।
র্যাবের টহল দলটির নেতৃত্বে থাকা র্যাব-১-এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পরিচালক জিয়াউর রহমান বলেন, নিহত রফিকুল একজন ‘চিহ্নিত সন্ত্রাসী’। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঘটনার সময় র্যাবের দুই সদস্যও আহত হয়েছেন। তাঁরা হলেন এসআই নাসির (৩৫) ও নায়েক আবুল হোসেন (৪৫)।