ঢাকায় অজ্ঞান পার্টির খপ্পরে বৃদ্ধ দম্পতি নিহত

ঢাকার ডেমরায় ভাড়াটে সেজে আসা ‘অজ্ঞান পার্টি’র খপ্পরে পড়ে নিহত হয়েছেন বাড়ির মালিক এক বৃদ্ধ দম্পতি। আজ রোববার সন্ধ্যায় এক ঘণ্টার ব্যবধানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুজন মারা যান। নিহত দুজন হলেন আব্দুস সাত্তার (৭৫) ও তাঁর স্ত্রী সাহেরা বেগম (৬০)।
সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাঁদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে সাহেরা বেগমকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। এর এক ঘণ্টা পরেই আটটার দিকে আব্দুস সাত্তার মারা যান। নিহত আব্দুস সাত্তার বাংলাদেশ ব্যাংক মসজিদের সহকারী ইমাম হিসেবে ২০০৯ সালে অবসরে যান। এই দম্পতির গ্রামের বাড়ি বাহ্মণবাড়িয়ার নবীনগরে। তাঁদের দুই ছেলেমেয়ে আছে।
নিহত দম্পতির ছেলে আমিনুল ইসলাম বলেন, ডেমরার সারুলিয়া এলাকায় তাঁদের টিনশেড বাসা আছে। সেখানেই তিনিসহ তাঁর বাবা-মা থাকতেন। বাসার কয়েকটি কক্ষ ভাড়া দেওয়া হতো। একটির ভাড়া ২ হাজার ২০০ টাকা। গতকাল শনিবার ওই ঘর ভাড়া নিতে কয়েকজন নারী এসেছিলেন। তখন ওই নারীরা জানিয়েছিলেন, সেখানে এক দম্পতি ও তাঁদের শিশুসন্তান থাকবেন, লোকটি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। তাঁদের (সম্ভাব্য ভাড়াটেদের) বাড়ি মুন্সীগঞ্জের বিক্রমপুরে। তাঁদের আজ রোববার এসে পাকা কথা বলে যাওয়ার কথা ছিল। আজ সকালে তিনি কাজে যাওয়ার আগে বাবা-মাকে বলে যান যে ভাড়াটেরা এলে যেন অগ্রিম টাকা নিয়ে রাখা হয়।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, বাসা ভাড়া নেওয়ার কথা বলে কয়েকজন নারী ওই বাড়িতে এসেছিলেন বলে স্বজনেরা জানান। সেই নারীরা লুট করার জন্য বৃদ্ধ দম্পতিকে কিছু খাইয়ে অজ্ঞান করতে পারেন বলে তাঁরা পুলিশকে জানিয়েছেন।
আমিনুল ডেমরার কোনাবাড়িতে একটি তেলের কারখানায় কাজ করেন। ঈদ উপলক্ষে তাঁর স্ত্রী-সন্তান গ্রামের বাড়িতে গেছেন। তিনি কাজে যাওয়ার পরে বাসায় কেবল বৃদ্ধ বাবা-মা ছিলেন। বিকেলে প্রতিবেশীদের ফোন পেয়ে তিনি দ্রুত বাসায় ফিরে দুই ঘরে বৃদ্ধ বাবা-মাকে অচেতন অবস্থায় পান। আর ঘর ছিল এলোমেলো।
প্রতিবেশীদের বরাত দিয়ে আমিনুল জানান, বিকেলে চার-পাঁচজন নারী তাঁদের বাসায় আসেন। সম্ভবত কথায় কথায় তাঁর বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক তৈরি করেন। কিছুক্ষণ পর ওই নারীদের বৃদ্ধ দম্পতির মাথায় মেহেদি দিতে দেখা যায়। পরে কোনো এক ফাঁকে ওই নারীরা বের হয়ে গেছেন, তা কোনো প্রতিবেশী খেয়াল করেননি। বেশ কিছুক্ষণ সাড়া না পেয়ে প্রতিবেশীরা ডাকতে গিয়ে দুজনকে দুই কক্ষে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।