ঢাকায় অপহৃত দুই ভাইয়ের লাশ গাজীপুরের বনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মধ্য বাড্ডা থেকে দুই দিন আগে অপহরণের শিকার শিশু দুই ভাইয়ের লাশ গতকাল সোমবার গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান থেকে উদ্ধার করেছে পুলিশ। তাদের শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত দুই শিশু হলো মো. নাভিল (৯) ও নাজমুল হাসান (৫)। তারা ময়মনসিংহের নান্দাইল উপজেলার গোসাই চান্দরা গ্রামের সামসুল হকের ছেলে। তারা মধ্য বাড্ডা মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ত।
নিহত শিশুদের মা হেলেনা বেগম জানান, তিনি স্বামী ও দুই সন্তান এবং নিজের ছোট বোন ঝর্ণা ও তাঁর স্বামী রুবেলকে (৩৫) সঙ্গে নিয়ে মধ্য বাড্ডায় একই বাসায় ভাড়া থাকেন। স্বামী সামসুল দিনমজুর। নিজে বিভিন্ন বাসায় ঝিয়ের কাজ করেন। আর ঝর্ণার স্বামী রুবেল স্থানীয় একটি গ্যারেজে চাকরি করেন। এক সপ্তাহ আগে ঝর্ণা ও রুবেলের মধ্যে দাম্পত্য কলহ হলে ওই বাসা থেকে তাঁদের বের করে দেওয়া হয়। ঘটনার দুদিন পর ঝর্ণা বাসায় ফিরে এলেও রুবেল পাশের গ্যারেজেই বাস করতে থাকেন। এরপর গত শনিবার বেড়ানোর কথা বলে রুবেল বাসা থেকে নাভিল ও নাজমুলকে নিয়ে যান। এর পর থেকেই রুবেলের মুঠোফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল। গতকাল দুই শিশুর লাশ উদ্ধারের খবর পেয়ে তিনি ও স্বামী সামসুল হাসপাতালে গিয়ে শনাক্ত করেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যানের ৬ নম্বর গেট থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে ধলিপুকুরের পাশে গজারিবনে ওই দুই শিশুর লাশ পড়ে ছিল। গতকাল তা দেখতে পেয়ে থানায় খবর দেন এলাকাবাসী। পুলিশ সকাল ১০টার দিকে সেখানে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য শিশুদের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারের পর বিকেলে সেখানে গিয়ে লাশ শনাক্ত করে পরিবার।
জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুজনকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। আর বাড্ডা থানার এসআই এমরানুল হাসান জানান, দুই শিশুসন্তান নিখোঁজ হওয়ার পর বাবা সামসুল হক বাদী হয়ে রুবেলের বিরুদ্ধে শনিবার বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। রুবেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।