ঢাকায় অপহৃত ব্যক্তি উদ্ধার নারায়ণগঞ্জে
ঢাকায় অপহৃত নাজমুল আলম শিকদার (৩৩) নামের এক ব্যক্তিকে গত সোমবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে উদ্ধার করেছে র্যা ব। গতকাল মঙ্গলবার র্যা ব-১১ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নাজমুল ঢাকার মিরপুরের পল্লবীর সেতারাজ ড্রিম এলাকার বাসিন্দা। তিনি গত ২৩ অক্টোবর অপহৃত হন।
র্যা ব সূত্র জানায়, ২৩ অক্টোবর মিরপুরের বাসা থেকে আরামবাগের দেওয়ানবাগ শরিফে যাচ্ছিলেন নাজমুল। পথে বেলা সাড়ে তিনটার দিকে তিনি অপহৃত হন। পরে অপহরণকারীরা তাঁকে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় আটক করে রাখে। তারা নাজমুলের বাবার মুঠোফোনে কল করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দ্রুত বিকাশ করতে বলে। এ বিষয়ে নাজমুলের বাবা আবদুস শুক্কুর পল্লবী ও মতিঝিল থানায় দুটি জিডি করেন। লিখিত অভিযোগ দেন র্যা ব-১১, সিপিএসসি, আদমজীনগর নারায়ণগঞ্জ ক্যাম্পে। ওই অভিযোগের ভিত্তিতে র্যা বের ডিএডি অচ্যুত কুমার দাসগুপ্তের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে নাজমুলকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ফেলে কৌশলে পালিয়ে যায় অপহরণকারীরা।