ঢাকায় অপহৃত শিশু বিরামপুরে উদ্ধার, আটক ২
মুক্তিপণের দাবিতে ঢাকা থেকে অপহৃত শহিদুল ইসলামকে (৯) র্যা ব-১৩ দিনাজপুর ক্যাম্পের একটি দল বিরামপুরের জোতবানী ইউনিয়ন থেকে উদ্ধার করেছে। গত বুধবার রাতে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সহযোগিতায় ওই ইউনিয়নের চাকুল গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।
অপহরণের অভিযোগে র্যা ব গ্রামের আতোয়ার রহমান ও তাঁর স্ত্রীকে গতকাল বৃহস্পতিবার দুপুরে হিলি বাসস্ট্যান্ড থেকে আটক করে।
শহিদুলের বাবা আবদুল কাদের ইকবাল মুঠোফোনে জানান, ৯ মে শহিদুল স্কুল থেকে বাসায় আসে। এরপর সে বাইরে খেলতে যায়। পরে সে বাসায় ফিরে না এলে স্ত্রী তাঁকে বিষয়টি জানান। ওই রাতেই তিনি বনানী থানায় জিডি করেন এবং র্যা ব-১-এর কার্যালয়কে জানান।
দুই দিন পর আবদুল কাদেরের মুঠোফোনে এক ব্যক্তি ফোন করে শহিদুলকে অপহরণের কথা জানিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ বিষয়টিও তিনি র্যা বকে জানান।
র্যা ব দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক মেজর মাহমুদ জানান, র্যা ব-১ থেকে তাঁদের জানানো হয়, অপহরণকারীরা বিরামপুরের জোতবানী ইউনিয়নের চাকুল গ্রামে আছে। গত মঙ্গলবার থেকে র্যা বের একটি দল সেখানে অবস্থান করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়। বুধবার বিকেলে জোতবানী ইউপির চেয়ারম্যান শাহজাহান আলীর কাছে ওই শিশুর ছবি দিয়ে আসে তারা।
শাহজাহান আলী শিশুটির ওই ছবির কয়েকটি কপি করে ইউপির সদস্যসহ স্থানীয় কিছু লোককে দিয়ে খোঁজ করতে থাকেন। ওই রাতেই তিনি জানতে পারেন, আতোয়ারের ভাই শফিকুলের বাসায় শিশুটি আছে। তিনি স্থানীয় লোকজনসহ শিশুটিকে উদ্ধার করতে গেলে টের পেয়ে আতোয়ার স্ত্রীকে নিয়ে পালিয়ে যান। পরে ইউপির চেয়ারম্যান ঘটনাটি র্যা বের দিনাজপুর ক্যাম্পকে জানান। শফিকুল বলেন, আতোয়ার তাঁকে বলেছিলেন, প্রতিবেশীর শিশুটিকে তিনি বেড়াতে এনেছেন।
শিশুটির বাবা জানান, আতোয়ার তাঁদের সঙ্গেই ভাড়া থাকতেন। এক মাস আগে তিনি অন্যত্র চলে যান।