ঢাকায় অস্ত্র-গুলিসহ 'ভারতীয়' গ্রেপ্তার
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় এক অস্ত্র ব্যবসায়ীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন খায়রুল ইসলাম মণ্ডল ওরফে শরিফুল ইসলাম ওরফে শরিফুল, রাকিব খান ওরফে টিটু, রবিউল ইসলাম মুন্সি ও হান্নান মোল্লা।
সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) আবদুল বাতেন বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে খায়রুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ছয়টি বিদেশি পিস্তল, চারটি বিদেশি ওয়ান শুটার, ১২টি ম্যাগাজিন ও ৩৫টি গুলি উদ্ধার করা হয়। তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে খায়রুল স্বীকার করেছে, সে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। সে বেনাপোল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে বাংলাদেশ ও ভারতের একটি সন্ত্রাসী গ্রুপের যোগসাজশে অস্ত্র নিয়ে আসত। পরে সেগুলো ঢাকাসহ বিভিন্ন জায়গার সন্ত্রাসী গ্রুপের কাছে বিক্রি করত।’
খায়রুলের বরাত দিয়ে আবদুল বাতেন আরও বলেন, ভারতের অস্ত্র ব্যবসায়ীরা বিহার থেকে বালুর ট্রাকে করে অস্ত্রগুলো পশ্চিমবঙ্গের আস্তানায় নিয়ে আসতেন। পরে সুযোগ বুঝে সেগুলো বাংলাদেশে পাচার করতেন খায়রুল ও তাঁর সহযোগীরা। তিনি বলেন, খায়রুলের জন্ম পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায়। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে অস্ত্র ব্যবসা করছেন। কুড়িগ্রামের পাটগ্রাম থেকে তিনি একটি জন্মসনদও তৈরি করেছেন। এই জন্মসনদে খায়রুলের নাম দেওয়া হয়েছে শরিফুল ইসলাম।
আবদুল বাতেন বলেন, কার কার কাছে খায়রুল অস্ত্র বিক্রি করতেন এবং এই ব্যবসার সঙ্গে যারা যারা জড়িত, তাদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।