ঢাকায় ইয়াবার আড়ত চালাতেন জুবায়ের
মিয়ানমারের মংডু শহরের ফয়েজিপাড়ার বাসিন্দা মো. জুবায়ের তিন বছরেরও বেশি সময় ধরে রাজধানী ঢাকায় বসে সবার নাকের ডগায় ইয়াবার ব্যবসা করছিলেন। ছোটখাটো ব্যবসা নয়, রীতিমতো আড়তদার ছিলেন তিনি।
টেকনাফ থেকে পাজেরো গাড়িতে করে ঢাকায় ইয়াবা নিয়ে ঢোকার সময় গত রোববার সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও এলাকায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হাতে ধরা পড়েন জুবায়েরসহ চারজন। অনিবন্ধিত (গ্যারেজ নম্বর ছিল, বন্দর থেকে শোরুমে নেওয়ার জন্য এই নম্বরগুলো গাড়ি ব্যবসায়ীদের দেওয়া হয়) ওই পাজেরো গাড়িতে তাঁদের সঙ্গে পাওয়া যায় ৫৫ হাজার ইয়াবা বড়ি এবং ইয়াবার কারখানা স্থাপনের কিছু যন্ত্র। ছয় মাস আগে ৬৫ লাখ টাকা দিয়ে রতন নামের এক ব্যক্তির কাছ থেকে তিনি গাড়িটি কেনেন।
গত মঙ্গলবার ডিবির উপকমিশনার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, মিয়ানমারের নাগরিক জুবায়ের রাজধানীর নিকেতন এলাকায় একটি আবাসিক ভবনে ২০১২ সালে ৯৫ লাখ টাকা দিয়ে একটি ফ্ল্যাট (৮-ডি) কেনেন। ওই ভবনে জুবায়েরের ফ্ল্যাটের ঠিক নিচতলায় ফ্ল্যাট (৭-ডি) ভাড়া নেন মুরাদ নামের জুবায়েরের এক সহযোগী। মুরাদের ফ্ল্যাটে যন্ত্রপাতি বসিয়ে কারখানা স্থাপন করার কথা ছিল জুবায়েরের। এমনিতে প্রতি মাসে তিন থেকে চারটি চালান তিনি ঢাকায় আনতেন। সমুদ্রপথে জুবায়েরের ইয়াবার চালান চট্টগ্রাম পর্যন্ত আসত। সেখান থেকে বিলাসবহুল গাড়িতে আসত ঢাকায়। প্রতি চালানে ৫০ হাজার থেকে এক লাখ ইয়াবা বড়ি থাকত। প্রতি বড়িতে জুবায়েরের ন্যূনতম লাভ ছিল ৫০ টাকা। কিন্তু লাভের অঙ্ক আরও বাড়ানোর জন্য তিনি কারখানা স্থাপনের পরিকল্পনা হাতে নেন।
জিজ্ঞাসাবাদে জুবায়ের জানান, তিনি মিয়ানমার থেকে ২০০২ সালে ভারতের দার্জিলিংয়ের একটি স্কুলে পড়তে যান। সেখানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ে ২০০৬ সালে ঢাকায় আসেন।
তথ্য অনুসন্ধানে জানা যায়, মিয়ানমারের মংডু শহরের ফয়েজিপাড়ার বাসিন্দা কইড়া জহিরের ছেলে মো. জুবায়ের। তাঁর বাবা জহির ব্যবসার সুবাদে মিয়ানমার থেকে চট্টগ্রামে স্থায়ী হন। বর্তমানে তিনি চট্টগ্রামের খুলশীতে সাততলা একটি ভবনের দ্বিতীয় তলায় থাকেন। জুবায়ের ২০০৬ সালে বাংলাদেশে এসে টেকনাফ-মিয়ানমার সীমান্ত বাণিজ্যের আওতাধীন বিভিন্ন ধরনের পণ্য আমদানির কাজ শুরু করেন। বৈধ ব্যবসার আড়ালে মিয়ানমারভিত্তিক একটি চোরাচালানি চক্র গড়ে তোলেন। বাংলাদেশ থেকে তিনি সার মিয়ানমারে পাঠাতেন আর মিয়ানমার থেকে লবণ, ইয়াবা, বিভিন্ন ধরনের মদ এ দেশে আনতেন।
২০১৪ সালের ২৩ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মিয়ানমারের যে ৩৬ জন মাদক চোরাচালানকারীর নামের তালিকা প্রকাশ করে, তার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে জুবায়েরের নাম।
ডিবির উপকমিশনার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, মিয়ানমারের নাগরিক হলেও জুবায়েরের বাংলাদেশি পাসপোর্ট রয়েছে। সেই পাসপোর্ট দিয়ে বাংলাদেশি হিসেবে তিনি মিয়ানমারে যেতেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
টেকনাফ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর গতকাল মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘জুবায়ের মিয়ানমারের নাগরিক। তিনি বছর খানেক আগে বন্দর দিয়ে কাঠ, চাল ও আচার আমদানি করেছিলেন। শুনেছি, ইয়াবা পাচারের তিনি একজন সক্রিয় সদস্য।’
টেকনাফ স্থলবন্দরের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ীর ভাষ্য, এত দিন পর ইয়াবার একজন ডিলার ধরা পড়লেন। জুবায়েরসহ কয়েকজন চট্টগ্রামে বসে ইয়াবা ও সার চোরাচালান চক্র পরিচালনা করতেন। অবৈধ ব্যবসাগুলো চালু রাখতে টেকনাফ স্থলবন্দর দিয়ে তাঁরা বিগত কয়েক বছর ধরে কাঠ, পেঁয়াজ, চাল ও আচার বৈধ পথে আমদানি করছিলেন।
টেকনাফের স্থানীয় সূত্রগুলো জানায়, চোরাচালানের টাকায় জুবায়ের ও তাঁর বাবা জহির প্রচুর সম্পত্তি করেছেন। টেকনাফের লোকজনের তথ্যমতে, চট্টগ্রামে তাঁদের দুটি ফ্ল্যাট ও চারটি বিলাসবহুল টয়োটা প্রাডো গাড়ি রয়েছে।
জুবায়েরের যাবতীয় হিসাব-নিকাশ দেখেন তাঁর ছোট চাচা মো. সিরাজ। ২০১২ সালের শেষের দিকে চট্টগ্রামের আগ্রাবাদের হক টাওয়ার থেকে র্যাব জুবায়েরের বাবা জহির ও চাচা সিরাজকে আটক করে। পরে খাতুনগঞ্জের এক ব্যবসায়ী মো. রফিক তাঁদের জামিনে মুক্ত করেন। জুবায়েরের মা মিয়ানমারে মংডু শহরের সুধাপাড়ায় থাকেন। তবে মাঝেমধ্যে টেকনাফ স্থলবন্দরের অভিবাসন কেন্দ্র তিন দিনের পাস নিয়ে চট্টগ্রাম আসা-যাওয়া করেন।