ঢাকায় এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মিরপুর কাজীপাড়া এলাকায় একটি বাসা থেকে জিনরাজ হাসান (৩২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে।

থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জিনরাজ হাসানের বাবার নাম আশরাফ খন্দকার। তাঁর বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলায়। জিনরাজ চার মাস আগে বিয়ে করেন। বিয়ের পর থেকে তিনি শ্বশুরবাড়িতেই থাকতেন। সেখান থেকেই তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলমের ভাষ্য, শ্বশুরবাড়ির লোকজন পুলিশকে জানিয়েছেন, তাঁরা লাশটি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লাশটি সেখান থেকে নামিয়ে তাঁরা পুলিশে খবর দেন। লাশের গলায় ফাঁসের দাগ রয়েছে।

লাশটি উদ্ধার করে মিরপুর মডেল থানায় নেওয়া হয়েছে বলে জানান এসআই। লাশের ময়নাতদন্ত করা হবে বলে তিনি জানান।