ঢাকায় এনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় এনে এক কিশোরীকে তার বন্ধু ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কিশোরীকে তেজগাঁও এলাকার রেললাইন থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ।
এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই কিশোরী পুলিশকে জানিয়েছে, তার গ্রামের বাড়ি ময়মনসিংহে। আল আমিন নামের এক বন্ধু তাকে ফুফুর বাসায় বেড়ানোর কথা বলে ট্রেনযোগে ঢাকায় নিয়ে আসে।
এরপর তার মুঠোফোন ও সিম নিয়ে নেয়। পরে একটি কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণের পর আল আমিন চলে যায়।
মাজহারুল ইসলাম বলেন, কিশোরী ঘটনাস্থল সম্পর্কে স্পষ্ট করে কিছু জানাতে পারেনি। একবার বলেছে, তাকে কমলাপুর স্টেশনে নামানো হয়েছিল। আবার বনানী ও তেজগাঁওয়ে নামানোর কথাও সে বলেছে।
তাকে তেজগাঁও রেলস্টেশনে অস্বাভাবিক অবস্থায় ঘোরাফেরা করায় পুলিশ তাকে উদ্ধার করে থানায় নেয়। পরে ঢাকা মেডিকেলের ওসিসিতে ভর্তি করা হয়।
কিশোরীর কাছ থেকে গ্রামের ঠিকানা নিয়ে সেখানে স্থানীয় পুলিশকে জানানো হয়েছে। পুলিশ তার পরিবারকে বিষয়টি জানিয়েছে। তার পরিবার ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে বলে স্থানীয় পুলিশ তেজগাঁও থানাকে জানিয়েছে।