ঢাকায় এসে লাশ হলেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত মনিরুজ্জামান মনির। ছবি: সংগৃহীত
নিহত মনিরুজ্জামান মনির। ছবি: সংগৃহীত

রংমিস্ত্রি মনিরুজ্জামান মনির (৩৫)। বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ থানার মনিরামপুরে। গতকাল শুক্রবার সকালে দিনাজপুর থেকে ঢাকায় আসেন তিনি। সর্বশেষ রাত দশটার দিকে স্ত্রীর সঙ্গে কথা বলেন। এরপর থেকেই মোবাইল বন্ধ। আর আজ শনিবার বিকেলে তাঁর লাশ পাওয়া গেল ঢাকা মেডিকেল কলেজের মর্গে।

মনিরের বাবার নাম ওয়ারেস সরদার। ফেনীর খয়রা এলাকায় রংমিস্ত্রির কাজ করতেন। চার ভাই, তিন বোনের মধ্যে তিনি চতুর্থ। স্ত্রী কাজল রেখা দুই ছেলেকে নিয়ে গ্রামে থাকেন।

নিহত মনিরুজ্জামানের চাচা জুলহাজুল কবির প্রথম আলোকে বলেন, গতকাল সকাল ১০টার দিকে মনির ঢাকাগামী একটি বাসে দিনাজপুর থেকে ঢাকায় রওনা দেন। সঙ্গে আরও কয়েকজন ছিলেন। তাঁর সঙ্গে ২৫ হাজার টাকা ছিল। রাত সাড়ে আটটার দিকে ঢাকায় পৌঁছান তিনি। পরে রাত ১০ টার দিকে স্ত্রীকে ফোন দিয়ে জানান, তিনি ঢাকায় পৌঁছেছেন। তিনি ছোট ভাই আফজালের কড়াইলের বাড়িতে যাচ্ছেন। সেখানে রাতে থেকে পরের দিন ফেনীতে যাবেন রঙের কাজ করতে। স্ত্রীর সঙ্গে কথা বলার পর থেকে তাঁর ফোন বন্ধ পান পরিবারের সদস্যরা।

জুলহাজুল আরও বলেন, সকাল থেকে সারা দিন তাঁরা বিভিন্ন স্থানে মনিরের খোঁজ করেন। পরে বিকেলে ঢাকা মেডিকেলে কলেজের মর্গে গিয়ে মনিরের গলাকাটা লাশ দেখতে পান তাঁরা। ঘটনার পর তাঁর ভাই কান্নায় ভেঙে পড়েন। ঠিকমতো কথা বলতে পারছেন না।

এ বিষয়ে জানতে চাইলে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিমুজ্জামান বলেন, মনিরের খোঁজ চেয়ে কেউ তাঁদের কাছে আসেনি। তবে মনিরের ফোন নম্বর নিয়ে তাঁর সর্বশেষ অবস্থান জানার চেষ্টা করছিলেন।