ঢাকায় কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন নড়াইল পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ইমরুল কায়েস (৩৪)। গতকাল সোমবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। তাঁর শরীরে ১৯টি গুলির ক্ষতচিহ্ন রয়েছে বলে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইমরুল জামায়াতে ইসলামীর কর্মী ছিলেন। তাঁর বিরুদ্ধে নড়াইল সদর থানায় ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি। আর তাঁর স্বজনেরা জানিয়েছেন, গত শুক্রবার রাতে রাজধানীর নারিন্দা এলাকার একটি মেস থেকে ডিবি পরিচয়ে তাঁকে ধরে নেয়। এরপর তাঁর লাশ পাওয়া যায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, ডিবির পূর্ব বিভাগের মতিঝিল জোনাল টিম ও খিলগাঁও জোনাল টিম মতিঝিল এজিবি কলোনি ও আইডিয়াল কলেজের মধ্যবর্তী জায়গায় ছয়-সাতজন সন্দেহভাজনকে দেখে। সন্দেহভাজনেরা পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে ও গুলি করা শুরু করে। এরপর ডিবির সদস্যরাও ১৭টি পিস্তলের ও ২৩টি শটগানের গুলি ছোড়েন। ডিবির দাবি, সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে মারা যান ইমরুল। ঘটনাস্থল থেকে গুলিভর্তি পিস্তল ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।
সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, নিহত ব্যক্তির বুকের বাঁ পাশে ছয়টি, বাঁ হাতের কনুইয়ের নিচে একটি গুলির ক্ষত ও কনুইয়ের ভেতর দিয়ে গুলি বের হয়ে যাওয়ার আরেকটি ক্ষত রয়েছে। ডান পাশের বগলের কাছে একটি, ডান বাহুর ওপরে আরেকটি, ঘাড়ের ডান পাশে কানের নিচ দিয়ে আরেকটি এবং পিঠের ওপর বাঁ দিকে তিনটি ও ডান দিকে তিনটি এবং পেছনে কোমরের ওপর আরও দুটি—মোট ১৯টি গুলির চিহ্ন রয়েছে।
ডিবি জানিয়েছে, নিহত ব্যক্তির বিরুদ্ধে নড়াইল সদর থানায় ১৩টি মামলা রয়েছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমান জানান, সন্দেহভাজন হিসেবে থানায় দায়ের হওয়া অনেকগুলো মামলার আসামি ইমরুল কায়েস। এর মধ্যে পুলিশের ওপর হামলার মামলাটি উল্লেখযোগ্য।
পুলিশ জানায়, ৫ জানুয়ারির নির্বাচনের আগে ২০১৩ সালের ১১ ডিসেম্বর নড়াইল পৌরসভার ডুমুরতলার তিন রাস্তার মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে সদর থানার ওসি (তদন্ত) মুক্তার হোসেন গুরুতর জখম হন। এতে ৭৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও আড়াই থেকে তিন হাজার আসামি করা হয়। ইমরুল এই মামলার ৪৪ নম্বর আসামি।
ঢাকা মেডিকেল কলেজ মর্গে আসা ইমরুলের বন্ধু ও রাজনৈতিক সহকর্মীরা জানান, নড়াইল ভিক্টোরিয়া কলেজে শিবির করতেন ইমরুল, পরে জামায়াতে যোগ দেন। মামলার আসামি হয়ে ঢাকায় এসে তেজগাঁওয়ের একটি কলেজে আইন পড়ছিলেন তিনি।
ইমরুলের স্ত্রী জান্নাতুল ফেরদৌস সাংবাদিকদের বলেন, চার-পাঁচ দিন ধরে তাঁর সঙ্গে কোনো কথা হয়নি। শনিবার রাতে ইমরুলের নম্বর থেকে তাঁর ফোনে মিসড কল আসে। তিনি ফোন করলে অপর প্রান্তে অন্য একজন লোক ফোন ধরে বলেন, ‘আপনার স্বামীর সঙ্গে আর কোনো দিন দেখা ও কথা হবে না।’
জান্নাতুল জানান, শুক্রবার গভীর রাতে ইমরুলকে ডিবি পুলিশ ধরে নিয়ে যায়। তাঁর দাবি, ইমরুলকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। তিনি এর বিচার চান।
ইমরুলের বাবার নাম আনোয়ার হোসেন। তাঁর একটি মেয়ে রয়েছে।