ঢাকায় ঘর থেকে যুবকের লাশ উদ্ধার
রাজধানী ঢাকার দক্ষিণখানে বাসার ভেতর থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়।
মৃত যুবকের নাম সাইফুল ইসলাম (২৮)। বাড়ি কুড়িগ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, সাইফুলের ভাই জুবায়েদুল ইসলামের ভাষ্য, তাঁরা তিন ভাই ঢাকায় একটি সোয়েটার কারখানায় কাজ করেন। দক্ষিণখানের একটি বাড়িতে তিন ভাই একসঙ্গে ভাড়া থাকতেন। ঈদের ছুটিতে তাঁরা বাড়ি যান। গত সোমবার সাইফুল ঢাকায় ফিরে আসেন। বাড়িতে তিনি একাই ছিলেন। গতকাল বুধবার জুবায়েদুল ঢাকায় ফিরে বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেকক্ষণ ডাকাডাকির পরও তিনি সাড়া পাননি। পরে জানালা দিয়ে ভাইকে খাটের ওপর পড়ে থাকতে দেখেন। ভেতর থেকে দুর্গন্ধ আসছিল। খবর দেওয়ার পর পুলিশ এসে সাইফুলের লাশ উদ্ধার করে।
দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আলমের ভাষ্য, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।