ঢাকায় চার 'আইএস' জঙ্গি গ্রেপ্তার
জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে গত রোববার রাজধানীর যাত্রাবাড়ী ও খিলক্ষেত এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা হলেন সাখাওয়াতুল কবির, আনোয়ার হোসেন ওরফে বাতেন, রবিউল ইসলাম ও নজরুল ইসলাম।
ডিবির দাবি, গ্রেপ্তার হওয়া সাখাওয়াতুল মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বাংলাদেশ প্রতিনিধি ও আঞ্চলিক সমন্বয়ক হিসেবে কাজ করছিলেন। এর আগে তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য ছিলেন।
এঁদের মধ্যে আনোয়ার হোসেন এর আগে ২০০৯ সালের ১২ এপ্রিল রাজধানীর খিলক্ষেত থানার টেকপাড়া থেকে আরও সাত জেএমবির সদস্যসহ গ্রেপ্তার হয়েছিলেন। বিস্ফোরক মামলায় তিন বছর সাজা খেটে তিনি পরে জামিনে মুক্তি পান। তাঁর বাড়ি সিরাজগঞ্জের চৌহালী উপজেলায়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে প্রচুর পরিমাণ জিহাদি প্রচারপত্র, জঙ্গি প্রশিক্ষণের ভিডিও, তিনটি ল্যাপটপ, আটটি মুঠোফোনসহ বিভিন্ন কম্পিউটার সামগ্রী উদ্ধার করা হয়। এ ছাড়া সাখাওয়াতুল কবিরের পাসপোর্ট ও পাকিস্তানের ভিসার আবেদনপত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া চারজনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। এ মামলায় তাঁদের গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে হাজির করার আগে ডিবির পক্ষ থেকে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়। তাতে ডিবির উপকমিশনার শেখ নাজমুল আলম বলেন, গ্রেপ্তার হওয়া জঙ্গিরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনায় নাশকতা চালিয়ে বিশ্ব মিডিয়ায় নিজেদের অস্তিত্বের জানান দিতে চেয়েছিলেন। তিনি বলেন, ‘তাঁদের কম্পিউটারে প্রচুর ভিডিও পাওয়া গেছে। ভিডিওগুলো দেখে জানতে পেরেছি, তাঁরা একসময় জিএমবির সক্রিয় সদস্য ছিলেন।’
শেখ নাজমুল আলম জানান, সাখাওয়াতুল কবির ২০০৬ সালে এজাজের হাত ধরে জিএমবিতে আসেন। এজাজ ওরফে সাজ্জাদ ওরফে কারগিল কারাবন্দি জেএমবির আমির মাওলানা সাঈদুর রহমানের জামাতা।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাখাওয়াতুল কবির ডিবিকে জানিয়েছেন, আইএসের কাছ থেকে অর্থ ও অস্ত্র সংগ্রহ করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর ক্ষতিসাধন, হুমকি সৃষ্টি ও খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠাই তাঁদের একমাত্র লক্ষ্য। সম্প্রতি পাকিস্তানে আইএসবিরোধী অভিযানে এজাজ, সাখাওয়াতুল কবিরের ভায়রা শামিম আহম্মেদ ও আনোয়ার হোসেনের বোনের স্বামী সায়েম নিহত হয়েছেন।
ডিবির একটি সূত্র জানায়, এ বছরের ৮ জানুয়ারি পাকিস্তানের ওয়াজিরিস্তানের কারিমাবাদে আইএসবিরোধী অভিযানে চারজন বাংলাদেশিও নিহত হন। তাঁদের মধ্যে এজাজের ভাগনে অভিও রয়েছেন। এ ছাড়া নিহত শামীম ও নিহত সায়েমও সম্পর্কে আত্মীয়। সায়েমের স্ত্রী ফাতেমা এখনো পাকিস্তানে।
ডিবির অতিরিক্ত উপকমিশনার মাহফুজুল ইসলাম জানান, পাকিস্তানে নিহত বাংলাদেশিদের ব্যাপারে খোঁজ করতে গিয়ে ঢাকায় এই চারজনের খোঁজ মেলে। এঁদের মধ্যে সাখাওয়াতুল কবির, আনোয়ার হোসেন, রবিউল ইসলামকে যাত্রাবাড়ীর একটি বাসা থেকে এবং তাঁদের দেওয়া তথ্যমতে খিলক্ষেত থেকে নজরুলকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্র জানায়, সাখাওয়াতুল কবিরের বাড়ি ময়মনসিংহে। তাঁর বাবা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অনাররি ক্যাপ্টেন। সাখাওয়াতুল ঢাকার তিতুমীর কলেজে পড়ার সময় কম্পিউটার ব্যবসায় যুক্ত হন। তথ্যপ্রযুক্তিতে তাঁর দখল আছে। কয়েক বছর আগে তিনি পাকিস্তানে চলে যান। সেখানে এজাজের সহকারী হিসেবে প্রশিক্ষণ নেন। এ ছাড়া গ্রেপ্তার হওয়া রবিউল ইসলামও এজাজের মাধ্যমে জঙ্গি তৎপরতায় যুক্ত হন। তাঁর বাড়ি ঝিনাইদহের মহেশপুরে। আর নজরুল জঙ্গিদের অর্থের জোগানদাতা ছিলেন।
ডিবির কর্মকর্তারা দাবি করেন, সাখাওয়াতুল জেএমবির সঙ্গে যুক্ত ছিলেন, পাকিস্তানে গিয়ে আল-কায়েদার সঙ্গে জড়িয়ে পড়েন। এরপর আল-কায়েদার কাজকর্ম ভালো না লাগায় তিনি আইএসের সঙ্গে যুক্ত হন। পাঁচ-ছয় মাস আগে দেশে ফিরে তিনি আইএসের জন্য সদস্য সংগ্রহের চেষ্টায় লিপ্ত হন। তাঁর পরিকল্পনা ছিল, বাংলাদেশে সফল না হলে তাঁরা সিরিয়ায় চলে যাবেন।
ডিবির উপকমিশনার শেখ নাজমুল আলম প্রথম আলোকে বলেন, সাখাওয়াতের ভায়রা ভাই শামীম ও আনোয়ারের ভগ্নিপতি সায়েম পাকিস্তানে আইএসের সঙ্গে জড়িত ছিলেন। তাঁরাই সাখাওয়াতকে বাংলাদেশে সংগঠনের সমন্বয়কের দায়িত্ব দেন।
উল্লেখ্য, এর আগে গত বছর ২৮ সেপ্টেম্বর জঙ্গি তৎপরতার অভিযোগে ঢাকার কমলাপুর রেলস্টেশনে সামিউন রহমান ইবনে হামদান নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়। তখন ডিবি বলেছিল, হামদান আইএসের সদস্য সংগ্রহের জন্য বাংলাদেশে এসেছিলেন।
এ ছাড়া আইএসের জন্য অনলাইনে সদস্য সংগ্রহের অভিযোগে গত বছর ২৫ সেপ্টেম্বর ঢাকার পুরানা পল্টন থেকে হিফজুর রহমান নামের ২২ বছরের এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ।