ঢাকায় চার 'জেএমবি সদস্য' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিমানবন্দর ও খিলগাঁও এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা হলেন ইদ্রিস শেখ, মকবুল শরিফ, মো. ছালাম ও মোস্তফা জামান।
তাঁদের মধ্যে ইদ্রিস শেখ বাংলাদেশি বংশোদ্ভূত পাকিস্তানি নাগরিক ও মোস্তফা জামান ঢাকায় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের সহকারী ট্রাফিক পরিদর্শক।
গতকাল সোমবার মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে তাঁদের ব্যাপারে গণমাধ্যমকে জানান মহানগর পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। তিনি বলেন, গত রোববার অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা জাল মুদ্রা ভারতে পাচার করেন। সেখান থেকে অর্জিত অর্থ নিজেরা খরচ করেন। বাকি টাকা জঙ্গি কর্মকাণ্ডে দিয়ে থাকেন। তাঁদের উদ্দেশ্য ছিল, দেশে নাশকতার ঘটনা ঘটিয়ে সরকারকে বিব্রত করা।
মনিরুল ইসলাম বলেন, কারাবন্দী জেএমবির আমির সাইদুর রহমানের সঙ্গে গ্রেপ্তার হওয়া এই চারজনের যোগাযোগ ছিল। তাঁদের কাছ থেকে ২৬টি জঙ্গিবাদ-বিষয়ক বই, তিনটি পাসপোর্ট, পাঁচটি মুঠোফোন, চার হাজার পাকিস্তানি রুপি, দেড় হাজার ভারতীয় রুপি, ১ হাজার ৩০০ বাহরাইনের মুদ্রা ও ১ হাজার ৬০০ জর্ডানের মুদ্রা পাওয়া গেছে।
মনিরুল বলেন, ইদ্রিস শেখ ১৯৮৫ সালে ভারত হয়ে পাকিস্তানে যান। পাঁচ বছর পর তিনি ওই দেশে বিয়ে করেন এবং পাকিস্তানের নাগরিকত্ব পান। তিনি ২০০২ সালে পাক-মুসলিম অ্যালায়েন্স থেকে ওই দেশে জাতীয় নির্বাচনে প্রার্থী হয়ে পরাজিত হন। ২০০৭ সালে বাংলাদেশে এসে ইদ্রিস জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবির সক্রিয় সদস্য হিসেবে কাজ শুরু করেন। তিনি বাংলাদেশ থেকে পাকিস্তানে ৪৮ বার যাতায়াত করেছেন।
ডিবির যুগ্ম কমিশনার আরও বলেন, ইদ্রিস শেখের সঙ্গে ঢাকায় একটি বিদেশি দূতাবাসের একজন নারী কর্মকর্তা ও একটি বিদেশি গোয়েন্দা সংস্থার যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। ইদ্রিসের কাছ থেকে গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহৃত হয়—এমন একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
মনিরুল ইসলাম বলেন, আরেক আসামি মকবুল শরিফ পাকিস্তানি কাপড়ের ব্যবসার অন্তরালে¯বিভিন্ন বেআইনি কার্যক্রমসহ জেএমবির সক্রিয় সদস্য হিসেবে কাজ করতেন। তিনি নিয়মিত পাকিস্তানে যাতায়াত করেন। আর মো. ছালাম একজন বিহারি। তাঁরও পাকিস্তানে নিয়মিত যাতায়াত আছে। এই চারজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় দুটি ও খিলগাঁও থানায় একটি মামলা হয়েছে।