ঢাকায় ছিনতাই হওয়া চামড়া বোঝাই ট্রাক নাটোরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে টাঙ্গাইলের এক ব্যবসায়ীর ছিনতাই হওয়া চামড়াবোঝাই একটি ট্রাক নাটোরে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক দুই ছিনতাইকারীকে গতকাল রোববার আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

নাটোর থানাসূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে ঢাকার লালবাগ থেকে চামড়াবোঝাই একটি ট্রাক ছিনতাই হয়। লালবাগ থানার পুলিশ তাৎক্ষণিক ঘটনাটি নাটোর থানাসহ বিভিন্ন থানাকে অবহিত করে। চামড়ার মালিক টাঙ্গাইলের ব্যবসায়ী নুরুদ্দিন। তিনিও নাটোরসহ দেশের বড় বড় চামড়ার বাজারে চামড়া ছিনতাইয়ের খবর পাঠান। খবর পেয়ে শনিবার সন্ধ্যায় নাটোর জেলা চামড়া মালিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ স্থানীয় ব্যবসায়ীরা ছিনতাই হওয়া চামড়াসহ ট্রাকটি নাটোরের চকবৈদ্যনাথ এলাকা থেকে আটক করে।

এ সময় ট্রাকে থাকা ছিনতাই চক্রের দুই সদস্য ফরিদপুরের শংকরদি গ্রামের মেহেদী হাসান ও শরীয়তপুরের শম্ভুকাটি গ্রামের ডালিম হোসেন ওরফে নীরবকে আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ওই দুই তরুণকে আটক করে থানায় নিয়ে যায়। গতকাল রোববার তাঁদের নাটোরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে চামড়ার মালিক নুরুদ্দিন গতকাল নাটোরে এসে উদ্ধার হওয়া চামড়া তাঁর জিম্মায় নেওয়ার জন্য আদালতে আবেদন করেছেন। নুরুদ্দিন জানান, এ ব্যাপারে ঢাকার লালবাগ থানায় একটি ছিনতাই মামলা করা হয়েছে।