ঢাকায় ছুরিকাঘাতে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে আজ বুধবার সকালে এক ব্যক্তি ঘুমের মধ্যে ছুরিকাঘাতে আহত হয়ে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত ব্যক্তির নাম শাহ আলম (৩৪)। পরিবারের সদস্যরা জানান, শাহ আলম গ্রিলের কাজ করতেন। পরিবার নিয়ে যাত্রাবাড়ীর নবীনগর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
শাহ আলমের স্ত্রী পারভীন আক্তারের ভাষ্য, বাহার নামের এক যুবক তাঁদের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। বাসচালকের সহকারী হিসেবে কাজ করেন বাহার। তাঁর কাছে পাওনা টাকা নিয়ে গতকাল মঙ্গলবার রাতে শাহ আলমের বাগ্‌বিতণ্ডা হয়। আজ সকালে ঘুমন্ত অবস্থায় শাহ আলমকে ছুরিকাঘাত করে পালিয়ে যান বাহার।
হাসপাতাল সূত্র জানায়, গুরুতর আহত অবস্থায় শাহ আলমকে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১১টার দিকে তিনি মারা যান। তাঁর লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।