ঢাকায় জঙ্গিদের কাছে আরও ২৪ বোমা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানবন্দর সড়কের গোলচত্বরে পুলিশের তল্লাশিচৌকির কাছে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণে নিহত যুবকের পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ। তবে নিহত যুবক নব্য জেএমবির সদস্য বলে ধারণা করছেন কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা। ঢাকায় এই জঙ্গিগোষ্ঠীর কাছে আরও অন্তত ২৪টি বোমা আছে বলে তথ্য রয়েছে, যা নিয়ে উদ্বিগ্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত কয়েক মাসে রাজধানীতে শক্তিশালী বোমার পাঁচটি চালান এসেছে বলে তাঁরা জানতে পেরেছেন। একেকটি চালানে পাঁচ থেকে ছয়টি করে বোমা ছিল। ১৭ মার্চ আশকোনায় র্যা বের ব্যারাকে, সর্বশেষ গত শুক্রবার বিমানবন্দর সড়কের গোলচত্বরে বিস্ফোরিত বোমা ও নিহত যুবকের ট্রলি ব্যাগ থেকে উদ্ধার করা বোমার ধরন একই। এর আগে সীতাকুণ্ডের জঙ্গি আস্তানায়ও একই ধরনের উপাদানে তৈরি বোমা পাওয়া গেছে।
বোমার চালান নিয়ে বাসে ঢাকায় আসার পথে গত ৭ এপ্রিল কুমিল্লায় গ্রেপ্তার হন আহমেদ আজওয়াদ। তিনি রিমান্ডে পুলিশকে বলেছিলেন, এর আগে দুটি চালান তিনি ঢাকায় পৌঁছে দিয়েছিলেন।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, তাঁদের পাওয়া তথ্য অনুযায়ী অন্তত ৩০টি বোমা ঢাকায় নব্য জেএমবির কাছে এসেছে। এর মধ্যে র্যা বের ব্যারাকে হামলাকারী একটির বিস্ফোরণ ঘটান, আরেকটি তাজা উদ্ধার হয়। এর পরের শুক্রবার বিমানবন্দর সড়কের গোলচত্বরে একটি বিস্ফোরিত হয়। তাঁর ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয় আরও তিনটি শক্তিশালী বোমা। এ নিয়ে ছয়টি বাদ দিলে আরও অন্তত ২৪টি বোমা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব বোমা কোথায়, কার কাছে আছে সে সম্পর্কে জানা যায়নি।
এ ছাড়া গত ১৭ ফেব্রুয়ারি র্যা বের ব্যারাকে আত্মঘাতী হামলাকারী এবং পরদিন রাজধানীর খিলগাঁওয়ে র্যা বের তল্লাশিচৌকির সামনে নিহত ব্যক্তির পরিচয়ও এখন পর্যন্ত জানতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সর্বশেষ গত শুক্রবার নিহত যুবকও আত্মঘাতী হয়েছিলেন বলে মন্তব্য করেছে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সোহেল মাহমুদ। তিনি গতকাল দুপুর ১২টার দিকে ময়নাতদন্তের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘নিহত ব্যক্তির শরীরে বাঁধা বোমা বিস্ফোরণের ধরন দেখে তাঁকে আত্মঘাতী বলেই আপাতদৃষ্টিতে মনে হচ্ছে।’
সোহেল মাহমুদ বলেন, নিহত ব্যক্তির শরীরে ৫৪ ইঞ্চি তার প্যাঁচানো ছিল। ময়নাতদন্তের সময় ওই তার উদ্ধার হয়। তারটির একটি অংশ পিঠের পেছনে স্কচটেপ দিয়ে এবং রেগুলেটরের মতো একটি জিনিস বাঁ হাতের কবজির সঙ্গে লাগানো ছিল। র্যা বের নির্মাণাধীন সদর দপ্তরের সামনে আত্মঘাতী বিস্ফোরণে নিহত তরুণের সঙ্গে আশকোনা পুলিশ বক্সের সামনে নিহত তরুণের মৃত্যুর ধরনে মিল রয়েছে। তবে র্যা ব সদর দপ্তরের সামনে নিহত তরুণের শরীরের সামনের দিকে বোমা বাঁধা থাকায় বুক থেকে সবকিছু উড়ে যায়। পুলিশ বক্সের সামনে নিহত তরুণের পিঠের পেছন থেকে নিচের অংশ উড়ে গেছে।
অবশ্য শুক্রবার রাতেই ঘটনাস্থলে গিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, সেটা আত্মঘাতী হামলা ছিল না। পুলিশের তল্লাশিচৌকি এড়াতে অতি সতর্কতা অবলম্বন করতে গিয়ে ওই ব্যক্তির সঙ্গে থাকা বোমা বিস্ফোরিত হয়েছে।
গতকাল কাউন্টার টেররিজম ইউনিটের একজন কর্মকর্তা বলেছেন, নিহত যুবকের ব্যাগে তিনটি ও শরীরে একটি বোমা ছিল। ওই যুবক হয়তো বোমা নিয়ে বিমানবন্দরের ভেতরে যেতে চাইছিলেন। সামনে পুলিশ দেখে ঘাবড়ে গিয়ে বিস্ফোরণ ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
আশকোনা পুলিশ বক্সের সামনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরাও একই রকম ধারণার কথা বলেছেন। গতকাল শনিবার পুলিশের সাত-আটজন সদস্য ঘটনাস্থল ঘিরে রেখেছিলেন। যে জায়গায় বিস্ফোরণ ঘটে, তার কয়েক গজ দূরত্বে পুলিশের বসার জন্য দুটি ছোট কক্ষ আছে। একটি কক্ষের সামনে দেয়ালে বোমার স্প্লিন্টারের শতাধিক চিহ্ন দেখা যায়। একজন কর্মকর্তা বলছিলেন, তাঁদের সব সদস্যই ঘটনার সময় কক্ষের বাইরে ছিলেন বলে বেঁচে গেছেন। কারণ দেয়াল ভেদ করে ওই কক্ষ পর্যন্ত স্প্লিন্টার পৌঁছায়।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা প্রথম আলোকে বলেন, র্যা বের ব্যারাকে আত্মঘাতী বিস্ফোরণের পরপরই দেশের সব পুলিশ ফাঁড়ি, থানা ও তল্লাশিচৌকিতে কেউ ঢুকতে গেলে ভালো করে পরীক্ষা করার নির্দেশ ছিল। এরপর বিমানবন্দর সড়কের গোলচত্বরে পুলিশ বক্সের সামনের ফুটপাত দিয়ে চলাচল নিষিদ্ধ করা হয়। নিহত তরুণ ওই ফুটপাত ধরেই এগোচ্ছিলেন। পুলিশ সদস্যরা কিছু জিজ্ঞাসা করার আগেই বিকট শব্দে বোমার বিস্ফোরণ হয়।
শুক্রবারের বোমা বিস্ফোরণের ঘটনায় মানুষের মধ্যে যে আতঙ্কের সৃষ্টি হয়, তা গতকালও ছিল। পুলিশ বক্সের পাশে বাবুস সালাম ওয়াক্ফ এস্টেট জামে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা। এতিমখানার সামনেও গতকাল পুলিশের পাহারা ছিল। এর পাশেই মনিরুজ্জামানের বিরিয়ানি ঘর। তিনি প্রথম আলোকে বলেন, ‘১৫ বচ্ছর ধইরা এইখানে ব্যবসা করি। পাশে পুলিশ চেকপোস্ট, র্যা ব, এপিবিএন। কোনো দিন ভয় পাই নাই। এখন পাইতেছি। কে কোন দিক দিয়া বোম মারে, সারাক্ষণ তাই ভাবতেছি।’