রাজধানীর শ্যামপুর ইকোপার্কের সামনে ঢাকা-৪ আসনের জাতীয় পার্টির (জাপা) সাংসদ সৈয়দ আবু হোসেন বাবলার ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালিয়ে কর্মচারীদের মারধর ও আসবাবপত্র ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও জাপার সূত্র জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পাদিত চুক্তিকে স্বাগত জানিয়ে একটি মিছিল বের করেন স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। হঠাৎ করে ওই মিছিল থেকে শতাধিক নেতা-কর্মী কার্যালয়ে হামলা চালান। এতে কার্যালয়ের দুই কর্মচারী সুমন ও জুয়েল গুরুতর আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর কার্যালয়ের চেয়ার-টেবিল, টেলিভিশন, এসিসহ অন্য আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ সময় সন্ত্রাসীরা সাংসদ আবু হোসেনের চেয়ারে দুটি গুলি করে।
জাপার কদমতলী থানার সদস্যসচিব শেখ মাসুকুর রহমান অভিযোগ করেন, স্থানীয় প্রজন্ম লীগের নেতা হাবিব, যুবলীগ নেতা আলমগীর ও নিজামউদ্দিন, ছাত্রলীগের মামুন, শুক্কুর ও ইউসুফের নেতৃত্বে এই হামলা হয়। এতে সংরক্ষিত আসনের আওয়ামী লীগের সংসদ সানজিদা খানমের ইন্ধন রয়েছে। এ ঘটনায় তিনি কদমতলী থানায় মামলা করেছেন।
অভিযোগ প্রসঙ্গে জানতে মুঠোফোনে যোগাযোগ করে সানজিদা খানমকে পাওয়া যায়নি।
জানতে চাইলে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম প্রথম আলোকে বলেন, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষক লীগের নেতা-কর্মীরা কার্যালয়ে ভাঙচুর চালান। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আবু হোসেন বাবলা প্রথম আলোকে বলেন, ‘কারও ইন্ধন ছাড়া আমার কার্যালয়ে হামলা চালানো অসম্ভব। আমি বিষয়টি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পুলিশ কমিশনারকে জানিয়েছি।’
জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ ও দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ (বাবলু) গতকাল এক যৌথ বিবৃতিতে দলীয় সাংসদ ও জাপার ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলার কার্যালয়ে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে তাঁরা অবিলম্বে আওয়ামী লীগের নামধারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।