৪ পাকিস্তানিসহ ৭ জেএমবি সদস্য গ্রেপ্তার: ডিবি
রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সাত সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাঁদের মধ্যে চারজন পাকিস্তানের নাগরিক। ডিবি বলছে, ঘটনাস্থল থেকে তাঁরা প্রায় ২৭ হাজার রুপি উদ্ধার করেছে।
আজ শনিবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।
গ্রেপ্তার হওয়া চার পাকিস্তানি হলেন, মোহাম্মদ ইদ্রিস আলী, মো. শাকিল, খলিলুর রহমান, মো. ইকবাল। বাকিরা বাংলাদেশের বাবুল খান, মো. ফরমান ও মো. শহীদ। ডিবি বলছে, ঘটনাস্থল থেকে জঙ্গিবাদ সংক্রান্ত কিছু বই, চারটি পাকিস্তানি ও তিনটি বাংলাদেশি পাসপোর্ট, সাতটি মুঠোফোন সেট এবং ২৬ হাজার ৮৪১ পাকিস্তানি রুপি উদ্ধার করা হয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বলেছেন, তাঁরা বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির কার্যক্রম সক্রিয় করতে কাজ করছে। তাঁদের লক্ষ্য ছিল দেশের ভেতরে নাশকতা সৃষ্টি করে সরকারের পতন ঘটানো। তাঁরা জেএমবিকে আর্থিক সহায়তাও দিতেন।
জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করবে ডিবি। একের পর এক বিদেশি নাগরিক হত্যা, ব্লগার, লেখক ও প্রকাশক হত্যা এবং পুলিশের ওপর হামলাসহ সাম্প্রতিক ঘটনায় তাঁদের সম্পৃক্ততা আছে কি না ডিবি জানতে চাইবে।
মনিরুল ইসলাম আরও বলেন, জেমএবি এখন অনেক ভাগে ভাগ হয়ে গেছে। এরা সক্রিয় হওয়ার চেষ্টা করছে। পাকিস্তানি নাগরিকদের সঙ্গে দেশের কোনো রাজনৈতিক গোষ্ঠীর যোগসূত্র আছে কি না ডিবি খতিয়ে দেখবে।
রাজধানীর উত্তরায় গত বৃহস্পতিবার রাতে বাসায় ঢুকে তাইওয়ানি দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনার সঙ্গে ব্যবসায়িক স্বার্থ জড়িত বলে মনিরুল ইসলাম জানান। তিনি বলেন, আটক জাহাঙ্গীর জিজ্ঞাসাবাদে সে কথা স্বীকার করেছেন। এ নিয়ে তদন্ত চলছে।