ঢাকায় ডাক্তার দেখাতে গিয়ে প্রবাসী নিখোঁজ
ঢাকায় চিকিৎসক দেখাতে গিয়ে চার দিন ধরে নিখোঁজ মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুর গ্রামের বাসিন্দা বাবুল হোসেন (৪০)। তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চার মাস আগে ছুটিতে বাড়িতে আসেন। নিখোঁজের ঘটনায় ঢাকার রমনা মডেল থানায় জিডি করা হয়েছে।
জানা গেছে, বাবুল দাঁতের সমস্যায় ভুগছিলেন। জুলাই মাসে ছুটিতে বাড়ি ফেরার পর ৮ নভেম্বর তিনি রাজধানীর ধানমন্ডিতে এক দন্তচিকিৎসকের কাছে যান। পরদিন রাত ১০টার দিকে মুঠোফোনে স্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়। সে সময় তিনি বেইলি রোডের একটি রেস্তোরাঁয় রাতের খাবার খাচ্ছিলেন। সেখান থেকে কিছুক্ষণের মধ্যেই তিনি সায়েদাবাদ বাসস্ট্যান্ডে গিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে বাসে উঠবেন বলে জানান। বাসের টিকিট পেয়েছেন কি না, জানতে রাত সাড়ে ১০টার দিকে বাবুলের মুঠোফোনে আবার ফোন দেন তাঁর স্ত্রী। তখন থেকেই তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।