ঢাকায় ডিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত
রাজধানীর মগবাজার রেললাইন-সংলগ্ন অংশের হাতিরঝিলে গত বুধবার গভীর রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাজীব হোসেন ওরফে ভণ্ড রাজীব (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, রাজীব পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান হত্যা মামলার আসামি এবং রামপুরা ও খিলগাঁও এলাকার চিহ্নিত চাঁদাবাজ। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তাঁর মৃত্যু হয়।
তবে রাজীবের ভগ্নিপতি জানান, রাজীব ফোন-ফ্যাক্স ব্যবসার পাশাপাশি ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশের সঙ্গে গোলাগুলি করার মতো সন্ত্রাসী তিনি নন।
ডিবি কর্মকর্তারা জানান, গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে মাইক্রোবাসে ডিবি পুলিশের একটি টহল দল হাতিরঝিল এলাকায় দুটি মোটরসাইকেলের সন্দেহজনক চলাচল দেখে। একপর্যায়ে টহল দলটি এগিয়ে গেলে মোটরসাইকেল থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পুলিশ পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধ বাধে। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে এক যুবক মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। অন্য দুজন আরেকটি মোটরসাইকেলে করে পালিয়ে যান। পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর কাছ থেকে ৪৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি গুলি ও একটি বিদেশি পিস্তল ও লাল রঙের একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। হাসপাতাল সূত্র জানায়, নিহত যুবকের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।
ডিবি পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে ডিবি পুলিশের নায়েক আক্তারুজ্জামান ও রাসেল আহত হয়েছেন। তাঁদের রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডিবির উপকমিশনার মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর প্রথম আলোকে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তারের পর ডিবি পুলিশ নিশ্চিত হয়, যুবকটির নাম রাজীব হোসেন। গত বছরের ২৯ আগস্ট রামপুরায় নিজ বাড়িতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ফজলুর রহমান খুন হন। এ হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া আসামি ওয়াসিম সম্প্রতি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, রাজীবের নেতৃত্বে তিন যুবক ফজলুর রহমানকে গুলি করেছেন।
গতকাল বিকেলে রাজীবের ভগ্নিপতি মো. লিটন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ শনাক্ত করে বলেন, রাজীবের স্ত্রীর কাছে তিনি শুনেছেন, তিন দিন আগে টিটু নামের এক যুবক রাজীবকে ডেকে নিয়ে যান। এর পর তিনি আর বাসায় ফেরেননি। ডিবি কার্যালয় ও রামপুরা থানায় গিয়ে তাঁর সন্ধান মেলেনি। পরে টেলিভিশনে খবর দেখে তিনি শরীয়তপুর থেকে ঢাকায় এসে রাজীবের লাশ শনাক্ত করেন।