ঢাকায় তরুণী ধর্ষণ মামলায় চীনা নাগরিকের জামিন নামঞ্জুর
রাজধানীতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়া চীনের নাগরিক ঝাং ইউয়ান ফুর (৪৮) জামিন আবেদন নাকচ করেছেন আদালত। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত জামিন আবেদন বাতিল করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৯ অক্টোবর ওই তরুণী (২২) চীনা নাগরিক ঝাং ইউয়ানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। পরে ঝাংকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
মামলায় উল্লেখিত অভিযোগ অনুযায়ী, ওই তরুণী ঢাকার যাত্রাবাড়ীতে পরিবারের সঙ্গে থাকেন। আর ঝাং থাকেন উত্তরায়। ঝাংয়ের সঙ্গে তরুণীর পরিচয় সাত–আট মাস আগে। পরিচয়ের পর ওই তরুণীকে চাকরি দেওয়ার আশ্বাস দেন তিনি। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান। একপর্যায়ে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানান তিনি।
এদিকে রোববার চীনা নাগরিকের পক্ষ থেকে আদালতে লিখিতভাবে জানানো হয়, তিনি তরুণীকে ধর্ষণ করেননি ও তাঁকে বিয়ে করতে রাজি আছেন। তবে আদালত চীনা নাগরিকের জামিন আবেদন নাকচ করেন।