ঢাকায় দুই কলেজছাত্রীর ওপর বখাটের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার রাজধানী ঢাকায় কলেজছাত্রী দুই বোন বখাটের হামলার শিকার হয়েছে। গতকাল বুধবার মিরপুরে কলেজের সামনে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তাদের বেধড়ক মারধর করা হয়। এদিকে গত মঙ্গলবার মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিজ ঘরে এক স্কুলছাত্রীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। মাথায় কোপ লাগা দশম শ্রেণির ওই ছাত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মিরপুরে চিড়িয়াখানা সড়কে হামলার শিকার যমজ বোন বিসিআইসি কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী। কলেজটি চিড়িয়াখানা সড়কে। পরিবার বলেছে, অনেক লোকের সামনে ঘটনা ঘটলেও কেউ এগিয়ে যায়নি; বরং কেউ কেউ মুঠোফোনে ঘটনার ছবি তুলেছে ও ভিডিও করেছে।

৩ অক্টোবর সিলেটে ছাত্রলীগ নেতা বদরুল কুপিয়ে গুরুতর আহত করে কলেজছাত্রী খাদিজা বেগমকে। খাদিজা রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে বখাটের হামলায় প্রাণ হারায় চাঁপাইনবাবগঞ্জের স্কুলছাত্রী কণিকা ঘোষ, রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিসা ও মাদারীপুরের নিতু মণ্ডল।

মিরপুরে হামলার শিকার দুই বোনের একজনের পা ভেঙে গেছে, অন্যজনের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। তাদের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা দেওয়া হয়। শাহ আলী থানার পুলিশ বলেছে, হামলায় জড়িত সন্দেহে লুৎফর রহমান নামের এক যুবককে আটক করা হয়েছে। মূল হামলাকারী জীবন করিমকে গ্রেপ্তার করা যায়নি। তিনি চিড়িয়াখানা সড়কে মুক্তিযোদ্ধা কলোনিতে সপরিবার থাকেন। ওই দুই বোন মিরপুরের পূর্ব মণিপুরের বাসিন্দা। তাদের বাবা জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) প্রশিক্ষক।

হামলার শিকার দুই ছাত্রী প্রথম আলোকে বলেছে, কলেজ ছুটির পর বেলা সোয়া ১১টার দিকে তারা রাস্তা পার হয়ে বাড়ি ফেরার জন্য বাসের অপেক্ষা করছিল। এ সময় একজন একটু দূরে গেলে অন্যজনকে উত্ত্যক্ত করতে থাকেন বখাটে জীবন করিম। প্রতিবাদ করলে তিনি তার ওপর চড়াও হয়ে চড়-থাপ্পড় মারেন। একপর্যায়ে মুখ চেপে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে লাথি মারতে থাকেন। কিছুটা দূরে থাকা অপর বোন এগিয়ে গেলে বখাটে তাকেও লাথি ও চড়-থাপ্পড় মারেন। পরে সহপাঠীরা এসে তাদের উদ্ধার করে। ঘটনার সময় আশপাশে অনেক লোক থাকলেও কেউ এগিয়ে আসেনি। অনেকেই মুঠোফোনে ছবি তুলছিল ও ভিডিও করছিল।

দুই বোন বলেছে, এরপর তারা কলেজে ঢুকে মুঠোফোনে ঘটনাটি তাদের বাবাকে জানায়। বাবার আসার অপেক্ষায় তারা আবার কলেজের সামনে গিয়ে দাঁড়ালে ওই বখাটে একটি বাঁশ দিয়ে তাদের বেধড়ক পেটান। এক বোন মাটিতে পড়ে গেলে তার বাঁ পায়ে বাঁশ দিয়ে কয়েকবার আঘাত করা হয়। এ সময় বখাটের কয়েকজন বন্ধুও ছিল। তখন কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। পরে অধ্যক্ষের গাড়িতে করে তাদের হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। কলেজ কর্তৃপক্ষ প্রধান ফটক লাগিয়ে দেয়। শিক্ষার্থীরা বখাটেদের গ্রেপ্তারের দাবিতে কলেজের ভেতর মিছিল করে। পরে পুলিশ কর্মকর্তারা এসে বখাটেদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা শান্ত হয়।

দুই বোনের বরাত দিয়ে তাদের বাবা প্রথম আলোকে বলেন, কলেজের সামনে প্রায়ই জীবন ও তাঁর সহযোগীরা ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছেন। গতকালও জীবনের নেতৃত্বে তিন বখাটে তাঁর দুই মেয়েকে উত্ত্যক্ত করে।

সন্ধ্যায় পূর্ব মণিপুরের বাসায় গিয়ে দেখা যায়, আহত দুই বোন ব্যথায় কাতরাচ্ছে। একজনের বাঁ পায়ে প্লাস্টার। তাদের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, বখাটে তাঁর এক মেয়ের পা ভেঙে দিয়েছে, আরেক মেয়ের শরীরের একাংশ থেঁতলে দিয়েছে। তিনি বখাটের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাঁর মেয়েদের নিরাপত্তার দাবি করেন।

সন্ধ্যা সাতটার দিকে ওই বাসায় যান শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। তিনি বখাটেকে গ্রেপ্তারের আশ্বাস দেন।

ক্ষুব্ধ কণ্ঠে ওই দুই ছাত্রীর বাবা বলেন, ঘটনাস্থলে থাকা লোকজন এগিয়ে গেলে বখাটে এত সাহস পেত না।

বিসিআইসি কলেজের প্রভাতি শাখার শিক্ষক মীর মো. মাসুদুজ্জামান প্রথম আলোকে বলেন, হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার কলেজের সামনে মানববন্ধন হবে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, জীবন করিমের মা আইনজীবীর সহকারী। বখাটে জীবন ফুটপাতের ওপর অবৈধভাবে টং দোকান বসিয়ে ফাস্টফুড ও বিরিয়ানি বিক্রি করেন। ছাত্রীদের তিনি উত্ত্যক্ত করেন।

শাহ আলী থানার ওসি বলেন, হামলার ঘটনায় ছাত্রীদের বাবা বাদী হয়ে জীবন করিমসহ তিনজনের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

মুন্সিগঞ্জে আহত স্কুলছাত্রী ঢাকা মেডিকেলে: মঙ্গলবার মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের চরমোর্দন এলাকায় নিজ ঘরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে আহত দশম শ্রেণির এক ছাত্রীকে ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা বলেছেন, তার মাথায় ক্ষতস্থানে কয়েকটি সেলাই লেগেছে। তবে এখন সে আশঙ্কামুক্ত। সেরে উঠতে কিছুদিন সময় লাগবে।

হাসপাতালে স্কুলছাত্রীর বড় ভাই বলেন, তাঁর বোন টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফিরলে দুই দুর্বৃত্ত ঘরে ঢুকে দুই হাত ওড়না দিয়ে পেছন দিকে বাঁধে এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। এ সময় বাড়ির অন্যরা বাইরে ছিলেন।

মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, এ ঘটনায় গতকাল সিরাজদিখান থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। পুলিশের সন্দেহ, হামলাকারীরা স্কুলছাত্রীর পূর্বপরিচিত।

সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, ওই স্কুলছাত্রীর ওপর হামলার ঘটনায় গতকাল রাত ১১টার দিকে জাহেদুল শেখ নামের এক যুবককে সিরাজদিখানের আবিরপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।