ঢাকায় দুই সাংসদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরে গতকাল আওয়ামী লীগের দুই সাংসদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হন ১৮ জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আহতদের একজনকে চিকিৎসা দেওয়া হয় l প্রথম আলো
রাজধানীর মিরপুরে গতকাল আওয়ামী লীগের দুই সাংসদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হন ১৮ জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আহতদের একজনকে চিকিৎসা দেওয়া হয় l প্রথম আলো

রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের দুই সাংসদ আসলামুল হক ও সাবিনা আক্তারের সমর্থকদের মধ্যে গতকাল রোববার সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিও হয়। সংঘর্ষে সাবিনা আক্তারসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে ছররা গুলিতে আহত হয়েছেন পুলিশের তিন সদস্য।
দুপুরে মিরপুর ১ নম্বর গোল চত্বর এলাকায় হরতালবিরোধী কর্মসূচি চলার সময় দুই পক্ষে এ সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের মধ্যে ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁদের কয়েকজনের শরীরে ছররা গুলি বিদ্ধ হয়েছে।
স্থানীয় লোকজন বলেন, ঢাকা ১৪ আসনের সাংসদ আসলামুল হক ও সংরক্ষিত নারী আসনের সাংসদ সাবিনা আক্তারের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি মিরপুর এলাকার তিনটি থানার (দারুস সালাম, শাহ আলী ও মিরপুর) আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে তাঁদের বিরোধ তীব্র রূপ নেয়। ওই তিন থানা কমিটির শীর্ষ দুই পদ সাবিনার সমর্থকেরা পান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। গতকাল তা সংঘর্ষে গড়ায়।
এ বিষয়ে জানতে চাইলে সাবিনা আক্তার প্রথম আলোকে বলেন, ‘যারা আওয়ামী লীগকে ভালোবাসে না, মিরপুরের তিন থানা কমিটিকে মেনে নিতে পারেনি, তারাই আমাদের ওপর হামলা করেছে।’ তিনি বলেন, ‘আমি তো কমিটি করিনি, করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে আমাদের ওপর হামলা কেন?’ তিনি দাবি করেন, তাঁর ৩০ জন সমর্থক আহত হয়েছেন। তাঁরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
যোগাযোগ করে আসলামুল হকের সব কটি মুঠোফোন নম্বর বন্ধ থাকায় তাঁর সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুর পৌনে ১২টার দিকে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে দিয়ে মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের দিকে হরতালবিরোধী মিছিল নিয়ে যাচ্ছিলেন শাহ আলী থানা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ওই মিছিলের পেছন দিক থেকে মোটরসাইকেলে আসছিলেন আসলামুল হকের কয়েকজন সমর্থক। মিছিলে থাকা কয়েকজন মোটরসাইকেল আরোহীদের কটূক্তি করেন। এ নিয়ে উভয় পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সাবিনা আক্তারের সমর্থকেরা মোটরসাইকেল আরোহীদের ধাওয়া দিলে তাঁরা চলে যান। দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে ২০-২৫ জন যুবক ওই এলাকায় আসেন। এ সময় সাবিনা আক্তারের উপস্থিতিতে মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে হরতালবিরোধী সমাবেশ চলছিল। ওই যুবকেরা সমাবেশে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় বেশ কটি গুলি ছোড়ার ঘটনা ঘটে।
সমাবেশে উপস্থিত শাহ আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্লা অভিযোগ করেন, আসলামুল হকের ২০-২৫ জন সমর্থক মোটরসাইকেলে এসে সমাবেশে উপস্থিত নেতা-কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালান। হামলাকারীরা শটগান, লাঠি, ইট ও দেশীয় অস্ত্র ব্যবহার করেন। হামলায় বেশ কয়েকজন আহত হন। ইটের আঘাতে আহত হন সাবিনা আক্তার। আহত ব্যক্তিদের মধ্যে স্বেচ্ছাসেবক লীগের নেতা সিরাজ ও আওয়ামী লীগের কর্মী বাবলার অবস্থা গুরুতর। আবুল কাশেম মোল্লা বলেন, এ ঘটনায় শুভ, এ আর রাজিব, বিন্দু জাকির, কালা মনিরসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে শাহ আলী থানায় অভিযোগ করা হয়েছে।
আবুল কাশেম আরও বলেন, হামলাকারীরা মিরপুর থানা আওয়ামী লীগের সভাপতি এস এম হানিফের ব্যক্তিগত গাড়ি ও একটি দোকান ভাঙচুর করেন।
পুলিশ বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত শাহ আলী থানা পুলিশের সঙ্গে মিরপুরের আরও কয়েকটি থানার পুলিশ যোগ দেয়। সংঘর্ষের সময় শটগানের গুলিতে শাহ আলী থানার পরিদর্শক (অপারেশন) ফিরোজ হোসেন, উপপরিদর্শক (এসআই) আবদুর রশিদ সরকার ও কনস্টেবল কামরুল ইসলামও আহত হন।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সন্ধ্যায় বলেন, পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।