ঢাকায় দুজনকে অপহরণের চেষ্টা, একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ এলাকার ন্যাম ভবন থেকে গত মঙ্গলবার সকালে রংপুরের বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় ঢাকার শেরেবাংলা নগর থানায় মঙ্গলবার রাতেই মামলা করেছেন বাগেরহাট-৪ আসনের সাংসদ মোজাম্মেল হোসেনের ব্যক্তিগত সহকারী শাহেদ তানভীর।
ওই দুই নেতা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল চৌধুরী এবং বদরগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বী। তাঁরা গতকাল বুধবার একই অভিযোগসহ জীবনের নিরাপত্তাহীনতার আশঙ্কায় বদরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। টুটুল চৌধুরী প্রয়াত যোগাযোগ প্রতিমন্ত্রী আনিছুল হক চৌধুরীর ছেলে।
এজাহার ও ডায়েরি সূত্রে জানা গেছে, টুটুল ও ফজলে রাব্বী আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে যোগ দিতে ঢাকায় যান। তাঁদের নিকটাত্মীয় সাংসদ মোজাম্মেল হকের ন্যাম ভবনের একটি কক্ষে ওঠেন। হোসেন নামের এক ব্যক্তি গত সোমবার দুপুরে টুটুল চৌধুরীর সঙ্গে মুঠোফোনে কথা বলেন। তিনি আগামী সংসদ নির্বাচনে মনোনয়নের বিষয়ে তাঁর সঙ্গে এক নেতার কথা বলিয়ে দিতে চান। হোসেন ওই দিন রাত নয়টার দিকে ন্যাম ভবনে টুটুলের সঙ্গে দেখা করেন। তিনি পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার মধ্যে ঢাকা কলেজের সামনে যেতে বলেন। কিন্তু টুটুল সেখানে যাননি। মঙ্গলবার সকাল সাতটার দিকে হোসেনসহ অজ্ঞাতনামা তিন ব্যক্তি আবার ন্যাম ভবনে যান। তাঁরা টুটুল চৌধুরী ও ফজলে রাব্বীকে অপহরণের চেষ্টা করেন। এ সময় তাঁদের চিৎকারে ন্যাম ভবনের আশপাশের লোকজন ছুটে এসে হোসেনকে আটক করে। তবে অন্যরা পালিয়ে যান। এ সময় জিজ্ঞাসাবাদে হোসেন নিজের প্রকৃত নাম ইমরান হোসেন। বাসা ঢাকার ৪৩১ ক্যান্টনমেন্ট এলাকা বলে জানান।
টুটুলের অভিযোগ, আগামী নির্বাচনে তিনি রংপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। এ কারণে প্রতিপক্ষের লোকজন তাঁকে হত্যার উদ্দেশ্যে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বী বলেন, ‘এ ঘটনা ভয়ংকর। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ ঘটনা ঘটানো হয়েছে।’ শেরেবাংলা নগর থানার ওসি জিজি বিশ্বাস বলেন, আটক ইমরানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।