ঢাকায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার যাত্রাবাড়ী এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাজহারুল ইসলাম নামের সন্দেহভাজন এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন সহকারী উপপরিদর্শকসহ দুই পুলিশ সদস্য।

গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে যাত্রাবাড়ী এলাকার ধলপুরের নতুন রাস্তায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে রাসেল ওরফে ট্যারা রাসেল ও হিমু ওরফে হাড্ডি হিমু নামের দুই ‘ছিনতাইকারীকে’ আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।

‘বন্দুকযুদ্ধের’ বর্ণনা দিতে গিয়ে পুলিশের ডেমরা জোনের সহকারী কমিশনার (এসি) ইফতেখারুল ইসলাম প্রথম আলোকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে তাঁরা ধলপুর কমিউনিটি সেন্টারের পাশে অভিযান চালান। সেখানে ছিনতাইকারী দলের সাত থেকে আটজন সদস্য ককটেল, ছোরাসহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশকে দেখে তাঁরা দুটি ককটেল ছুড়ে মারেন। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে মাজহারের পায়ে গুলি লাগে। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এসি।