ঢাকায় পৃথক ছুরিকাঘাতে নিহত ২

রাজধানীর সবুজবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক এবং কামরাঙ্গীরচরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন।
সবুজবাগের মাদারটেক নতুনপাড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন মোহাম্মদ রাহাত (২৪)। তাঁর বাবার নাম বাদল মিয়া। রাহাতের বন্ধু আকাশ ও সোহেল জানান, গতকাল রাত সাড়ে ১১টার দিকে নতুনপাড়ায় ছিনতাইকারীর কবলে পড়েন রাহাত। এ সময় রাহাত ছিনতাইকারীদের ধরে ফেলার চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা রাহাতের পেটে ছুরি মারে। তাঁকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু আইসিইউতে জায়গা না থাকায় অন্যত্র নিয়ে যাওয়া হয়। সেখানেও কোনো জায়গা না হওয়ায় পরে আজ ভোররাত চারটার দিকে আবার ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এ সময় সেখানে থাকা চিকিৎসক রাহাতকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, রাহাতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আজ সকাল সাড়ে ছয়টা দিকে কামরাঙ্গীরচরে পেয়ারা বেগম (৩৩) নামের এক গৃহবধূ নিহত হন। কথা-কাটাকাটির একপর্যায়ে স্বামী সোহরাব হাওলাদার তাঁকে ছুরিকাঘাত করেন। তাঁর গলায় আঘাত লাগে। তাঁদের ছেলে শামীম হাওলাদার (১৪) আজ সকাল সাড়ে সাতটার দিকে আহত মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক পেয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। পেয়ারা বেগমের লাশ ঢাকা মেডিকেলের মর্গে আছে বলে জানান উপপরিদর্শক বাচ্চু মিয়া।