পোশাক কারখানার কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় গতকাল বুধবার রাতে মো. আতিক (৩০) নামের এক পোশাক কারখানা কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে তাঁকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তিনি মারা যান।

নিহত আতিক অনন্ত গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার কর্মকর্তা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত রাত একটার দিকে তিনি মারা যান।

আতিকের মাথায় জখমের চিহ্ন রয়েছে। এ জখম কীভাবে হয়েছে, তা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। হাসপাতালে নিহত আতিকের স্ত্রী জেসমিন জানান, তাঁর স্বামীকে কেউ হত্যা করেছে বলে তিনি সন্দেহ করছেন।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়ার ভাষ্য, আতিক রিকশা থেকে পড়ে মাথায় ও পায়ে গুরুতর আঘাত পেয়েছিলেন বলে তাঁরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন। স্ত্রীর অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ওসি বলেন, লাশের ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

হাসপাতালের ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) কর্মকর্তা মোজাম্মেল হক আতিককে নিয়ে আসার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।