ঢাকায় বাসার ছাদ থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রমনা এলাকার আবাসিক একটি ভবনের ছাদ থেকে রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তানভীর হাসান (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বড় মগবাজার ৩/৫/বি নম্বর বাড়ির ছয়তলা ভবনের ছাদ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। তানভীরের বাড়ি জামালপুরের সদর উপজেলার বজলাপুর গ্রামে। তাঁর বাবার নাম মুজিবুর রহমান।

তানভীর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, ৩ এপ্রিল বড় মগবাজারের ওই ভবনের পাঁচতলায় বন্ধুদের বাসায় বেড়াতে আসেন তানভীর। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তানভীরের সন্ধান পাননি তাঁর বন্ধুরা। নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তানভীরের বন্ধু বায়েজিদ। পরে আজ সকালে ভবনের ছাদে রডে তানভীরের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তাঁর বন্ধুরা।

তানভীরের পরিবারের বাবার বরাত দিয়ে এসআই মোশাররফ হোসেন জানান, তানভীর বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। তবে তাঁর মৃত্যুর কারণটি খতিয়ে দেখা হচ্ছে। তানভীরের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।