ঢাকায় বিস্ফোরণে নিহত তরুণ মিরপুরের আয়াদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানবন্দর সড়কের গোলচত্বরে পুলিশ বক্সের কাছে গত শুক্রবার বোমা বিস্ফোরণে নিহত তরুণের পরিচয় পাওয়া গেছে। তার নাম আয়াদ হাসান (১৭)। পুলিশের একাধিক সূত্র গতকাল রোববার এ তথ্য নিশ্চিত করেছে।
সাত মাস আগে ঢাকার মিরপুর থেকে নিখোঁজ দুই খালাতো ভাইয়ের একজন এই আয়াদ। গতকাল রোববার রাতে আয়াদ হোসেনের মা মুনমুন আহমেদের মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে পুলিশের সঙ্গে কথা বলতে অনুরোধ করেন। আয়াদ বাবা-মায়ের একমাত্র ছেলে।
ও লেভেল পরীক্ষার পর খালাতো ভাই রাফিদ হাসানের সঙ্গে সে ঘর ছাড়ে গত বছরের ৯ আগস্ট। যাওয়ার আগে দুজনে বাসায় চিরকুট রেখে যায়। এ কারণে তখন থেকেই আশঙ্কা করা হচ্ছিল যে দুই ভাই জঙ্গিবাদে জড়িয়েছে। এ বিষয়ে তখন আয়াদের মা মুনমুন আহমেদ মিরপুর থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, আয়াদের মৃতদেহ তার আত্মীয়স্বজন শনাক্ত করেছেন। পুলিশের ধারণা, আয়াদের খালাতো ভাই রাফিদ হাসান সিলেটের আতিয়া মহলে আছে। আয়াদ ও রাফিদ বোমা আনা-নেওয়ার কাজ করেছে বলেও গোয়েন্দা তথ্য রয়েছে।
শনিবার ময়নাতদন্তের পর ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সোহেল মাহমুদ বলেন, বোমা বহনকারীর শরীরে ৫৪ ইঞ্চি তার প্যাঁচানো ছিল। হাতের কবজিতে ছিল রেগুলেটর। এর বাইরে ব্যাগেও সে তিনটি বোমা বহন করছিল। বোমার বিস্ফোরণে তার পিঠ থেকে নিচের অংশ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। পুলিশ বলছে, আয়াদের মৃতদেহের পাশে চালু অবস্থায় একটি সিম্ফনি ফোন পাওয়া যায়।