ঢাকায় বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১
ঢাকার খিলক্ষেত এলাকার একটি মেসে গতকাল বুধবার রাতে বোমা তৈরির অভিযোগে ইমরান হোসেন (২২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ওই মেস থেকে দেড় কেজি গান পাউডার, ৭০টি চকলেট বোমা, চার কেজি রাসায়নিক দ্রব্য, ছয় কেজি ছোট পাথর ও ১৭০টি লোহার অ্যাঙ্গেল উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, ইমরান খিলক্ষেত থানা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক। তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে। ঢাকায় সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় সেমিস্টারের ছাত্র ইমরান।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, বুধবার রাতে খিলক্ষেতের নামাপাড়া এলাকার ক/ ২১২ নম্বর বাড়ির পাঁচতলার মেসটিতে অভিযান চালিয়ে ইমরানকে গ্রেপ্তার করা হয়। এই মেসে আরও কয়েকজন থাকলেও তাঁরা পালিয়ে যান।
ওসি নজরুলের দাবি, এই বাড়ি থেকে বোমা তৈরি করে বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন ইমরান। এখান থেকে শিবিরের কর্মকাণ্ড তিনি পরিচালনা করতেন।
এ ঘটনায় খিলক্ষেত থানায় মামলা হয়েছে।